টাঙ্গাইলে নলকুপে চেতনানাশক দিয়ে বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি,নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

  • আব্দুস সাত্তার,
  • ২০২৬-০৭-১২ ২১:২৩:৫৬
image

প্রতিনিধি,টাঙ্গাইল:
টাঙ্গাইলে ঘাটাইল উপজেলার হাটকয়ড়া গ্রামে একটি বসতবাড়ির নলকুপে চেতনানাশক ওষুধ  দিয়ে গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে।এ ঘটনায় নগদ ৮০ হাজার টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামাল চুরি হয়েছে। 
এ বিষয়ে ভুক্তভোগী মো. শামীম আল মামুন বাদী হয়ে শনিবার (১১ জুলাই) বিকালে ঘাটাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রোববার (১২ জুলাই)  বিকালে ঘাটাইল থানার এসআই এলাহি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,গত ১০ জুলাই দিনের কোন এক সময়ে নলকুপে চেতনানাশক ওষুধ  দেয় দুর্বৃত্তরা।  রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়লে  অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে। পরদিন সকালে  পরিবারের সদস্যরা  দেখে যে ঘরের বিভিন্ন স্থানে তছনছ করা হয়েছে।তারপর বাড়ির লোকজন দেখে তাদের ঘর থেকে একটি স্বর্ণের চেইন, নগদ প্রায় ৮০ হাজার টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে কে বা কারা।
ভুক্তভোগীর অভিযোগ,চোরেরা পরিকল্পিতভাবে বেড়া কেটে ঘরে ঢুকে  চুরির ঘটনা ঘটিয়েছে।এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। একই সঙ্গে পূর্ব বিরোধের জেরে পরিচিত কিছু ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘাটাইল থানার এসআই ও অভিযোগের তদন্ত কর্মকর্তা   এলাহি জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নলকূপে চেতনানাশক ওষুধ দিয়ে বাড়ির সবাইকে অচেতন করে রাতে বেড়া কেটে ঘরে ঢুকে স্বর্ণের চেইন, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল দুর্বৃত্তরা নিয়ে গেছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।