বর্জ্য থেকেই বিদ্যুৎ,ঢাকায় দুই মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৭-১২ ১৪:৩৬:৫৮
image

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও পরিবেশবান্ধব রূপ দিতে আমিনবাজার ও মাতুয়াইলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের দুটি বড় প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় জোরদারে আন্তঃমন্ত্রণালয় বৈঠক আয়োজনেরও নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে প্রকল্প দুটির অগ্রগতি পর্যালোচনা করা হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন বৈঠকের তথ্য জানান।
বৈঠকে জানানো হয়, চীনের 'সিএমইসি গ্রুপ' ঢাকা উত্তর সিটি করপোরেশনের আমিনবাজারে একটি বর্জ্যভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বিনিয়োগ করবে। প্রতিদিন প্রায় তিন হাজার টন নগর বর্জ্য ব্যবহার করে কেন্দ্রটি '৪২ দশমিক ৫ মেগাওয়াট' বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে। ২০২৮ সালের আগস্ট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটির মাধ্যমে অন্তত ২৫ বছর বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার 'বি অ্যান্ড এফ' কোম্পানি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাতুয়াইলে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করবে। এ প্রকল্পে বছরে প্রায় '১৫ হাজার টন মিথেন গ্যাস' উৎপাদন হবে, যা থেকে বছরে প্রায় '৮১ হাজার মেগাওয়াট-ঘণ্টা' বিদ্যুৎ পাওয়া যাবে। দৈনিক হিসাবে এর উৎপাদন সক্ষমতা প্রায় '২২১ মেগাওয়াট-ঘণ্টা'।
এ প্রকল্পে প্রতিদিন প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টন বর্জ্য প্রক্রিয়াজাত করা হবে। বিদ্যুতের পাশাপাশি সৌরশক্তি,জৈব সার,পশুখাদ্য এবং পরিবেশবান্ধব ইকো-ব্রিকস উৎপাদনেরও পরিকল্পনা রয়েছে।
বৈঠকে বলা হয়,প্রকল্প দুটি বাস্তবায়িত হলে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বৈশ্বিক উষ্ণায়ন প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রী নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প দুটি সম্পন্ন করতে এবং সর্বাধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 বর্জ্য, বিদ্যুৎ, পরিবেশ