ফ্রান্সই স্পেনকে ভয় পায়, দাবি ইয়ামালের

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০৭-১১ ২৩:৩৮:৫৬
image

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আগামী ১৪ জুলাই মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স। শিরোপার লড়াইয়ে এক ধাপ এগিয়ে যাওয়ার এই মহারণকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। তবে শক্তিশালী ফ্রান্সকে সামনে পেয়েও বিন্দুমাত্র বিচলিত নন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। বরং তাঁর দাবি, স্পেনকে নিয়েই বেশি দুশ্চিন্তায় রয়েছে ফরাসিরা।
কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। অন্যদিকে মরক্কোকে ২-০ গোলে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো শেষ চারে উঠেছে গত আসরের রানার্স-আপ ফ্রান্স।
ম্যাচ শেষে ইয়ামাল বলেন, প্রতিপক্ষগুলো স্পেনের বিপক্ষে সমানে সমান লড়াইয়ের বদলে রক্ষণাত্মক কৌশল বেছে নিচ্ছে। তবুও তাঁর দল জয় তুলে নিচ্ছে। তাই ফ্রান্সও স্পেনকে সমীহ করছে বলেই বিশ্বাস এই উইঙ্গারের।
ইয়ামালের ভাষ্য,‘এখন পর্যন্ত কোনো দল আমাদের বিপক্ষে নিজেদের স্বাভাবিক ফুটবল খেলতে পারেনি। সবাই রক্ষণে মনোযোগ দিচ্ছে। এতে ম্যাচ কঠিন হয়, কিন্তু শেষ পর্যন্ত আমরাই জিতছি। আমার বিশ্বাস, ফ্রান্স যদি কোনো দলকে সবচেয়ে বেশি সমীহ করে, সেটি স্পেন। ইউরো ২০২৪-এ আমরাই তাদের বিদায় করেছিলাম।’
তিনি আরও বলেন, ‘আমার দৃষ্টিতে এই বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দুটি দল স্পেন ও ফ্রান্স। তাই ম্যাচটি হবে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আমরা তাদের শেষ দুই দেখায় হারিয়েছি। সেই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামব। ভয় পাওয়ার কোনো কারণ নেই, বরং ভালো ফুটবল খেলে ফাইনালে ওঠাই আমাদের লক্ষ্য।’
বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় এই সেমিফাইনালে আক্রমণভাগের ধার, কৌশল এবং মানসিক দৃঢ়তার পরীক্ষায় নামবে দুই দলই। ইয়ামালের আত্মবিশ্বাসী মন্তব্য ইতোমধ্যেই ম্যাচটির উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে।

স্পেন, ফ্রান্স, ইয়ামাল