বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) ১৫১ সদস্যবিশিষ্ট নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। গত ৮ জুলাই ঘোষিত এই নতুন কমিটির নেতৃত্বকে স্বাগত জানিয়ে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ অভিনন্দন জ্ঞাপন করা হয়।
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব কামরুল হাসান তালুকদার এবং সাধারণ সম্পাদক জনাব মনিরুল হক ডাবল স্বাক্ষরিত ওই বিবৃতিতে নবনির্বাচিত সভাপতি অতিরিক্ত আইজিপি জনাব মোসলেহ উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক পুলিশ সুপার জনাব শামীমা পারভীনসহ কমিটির সকল সদস্যের উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করা হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন—উভয়ই বাংলাদেশ পুলিশের পেশাগত স্বার্থ সংরক্ষণ, সদস্যদের কল্যাণ, সাংগঠনিক উন্নয়ন এবং বাহিনীর মর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করা হয় যে, নবগঠিত কমিটির বিজ্ঞ নেতৃত্ব ও দূরদর্শী দিকনির্দেশনা বাংলাদেশ পুলিশ বাহিনীকে আরও গতিশীল, আধুনিক, সুশৃঙ্খল এবং জনবান্ধব করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দুই সংগঠনের মধ্যকার পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সমন্বয় এবং ইতিবাচক কর্মতৎপরতা বাংলাদেশ পুলিশের পেশাগত সক্ষমতা ও সেবার মান বৃদ্ধিতে সহায়ক হবে বলেও বিবৃতিতে জোর দেওয়া হয়। এছাড়া, জনমনে পুলিশের প্রতি আস্থা সুদৃঢ় করতে এবং একটি আধুনিক ও দক্ষ পুলিশ বাহিনী গড়ার অঙ্গীকার পূরণে উভয় সংগঠন ভবিষ্যতের দিনগুলোতে আরও নিবিড়ভাবে কাজ করে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ।