গী ত শ্রী সি ন হা

  • বেপরোয়া
  • ২০২৬-০৭-০৯ ১১:৪০:০১
image

আমার আত্মার একটা কুচো টুকরো এখনও শব্দ খুঁজে পায় নি। জাদুঘরে অসংখ্য ঘড়িতে অসংখ্য সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ শব্দ জমিয়ে রাখি। মানুষের ভিড়ে থেমে থাকি হাত ভরা পশমের মতো রোমশ স্তব্ধতায়। আকাশে উড়িয়ে দিতে থাকি ভুল শব্দের এলোমেলো অন্ধকার। অধরে পঞ্চম নির্ভুল, মাটিতে পড়লে একাকিত্ব। কথারা শব্দের ভাঁজে নিমগ্ন সিন্দুকে! ঘুম মাখা ঘরে শব্দেরা উন্মত্তের মতো লণ্ডভণ্ড করে রাত্রি। আমি যেন অজস্র শব্দের পায়ের কাছে নতজানু হয়ে বলি, "আমার কিছু ভাল্লাগে না"!  হাজারো শব্দ ছদ্মবেশে আর্বিভাব... আবার বিলীন হয়ে যায় অন্ধকারে। আমি ঘুমহীন চোখে শব্দের আরাধনা করি। এক ঝলক আলো এসে পড়ে তন্দ্রাচ্ছন্ন চোখে, দেখি, ঘুমের ভিতর শব্দের তান্ডব... বেশ কিছু শব্দ বালিশে মুখ গুঁজে গোঙরাচ্ছে ...ঘুম ভেঙে যায়... 
কুঁকড়ে থাকা অগোছালো শব্দরা মধ্যরাতে লেপ্টে থাকা ঘুমে শিরশিরানি তোলে...  চোখের পাতা ভারি, পাশের ঘরে লাইব্রেরি থেকে বই এনে চটপট শব্দ গুঁজে রাখি বই এর পাতায় পাতায় ... তারপর, ঘুমন্ত শব্দরা জড়িয়ে ঘুমায় আষ্ঠেপৃষ্ঠে আমার চোখে... 
সুখ শব্দ... আনন্দ শব্দ...বিস্ময়কর শব্দ...
ঘুমের ভাঁজে গল্প শোনায় তারা... 
শব্দের ইশারায় আঁচল ঢেকে গভীর ঘুমে তখন,এইভাবেই বুঝি ঘুমঘোরে গল্প সৃষ্টি হয় ! 
হ্যাঁ, স্বপ্নপূরণের গল্প ! ধূলিয়ানের পথে পথে লেভেল ক্রস করছি আমি ! আমার লেভেল ! 
আমার বালিশ চাপা মুখ থেকে ২৭০ কিলোমিটার দূরে...পরিচালক আমি, ক্যামেরা অ‍্যাকশান রোল  বলার আগেই সিকুয়েন্স প্রস্তুত, শিল্পীদের পারফর্মেন্স দুর্দান্ত... আর আমি বিরক্তিকর ভাবে বলে চলেছি...  প্যান শট - টিল্ট শট - ডলি শট চাই...  কুইক !  কুইক ! ... ডলি জুম শট নেওয়ার সময়  কখনো ডলি ইন বা জুম আউট করার জন্য চিৎকার করে চলেছি ...  একটা ম্যাক্রো শট নেওয়ার জন্য লাফ দিয়ে উঠতেই গড়িয়ে পড়ি খাট থেকে ... 
লেভেল ক্রসিং টপকানো হলো না ! 
ভাঙাচোরা বাস্তবে গোঙরাচ্ছি তখন !