'শেষ প্রজাপতির ডাক'

  • এস এম আজাদ হোসেন
  • ২০২৬-০৭-০৮ ১৪:৩৮:৩১
image

রাহি ও অরণের সবুজ পৃথিবী
সকালের নরম রোদে শিশিরভেজা ঘাসের ওপর হাঁটছিল রাহি আর অরণ। সামনে দৌড়াচ্ছে শিসু। তাদের গন্তব্য গ্রামের পুরোনো ফুলবাগান। প্রতি বছর এই সময় বাগানজুড়ে রঙিন প্রজাপতির উড়াউড়ি দেখে গ্রামের শিশুদের আনন্দের সীমা থাকত না।

কিন্তু আজ দৃশ্যটা অন্যরকম।

ফুল ফুটেছে, মৌমাছির গুঞ্জনও শোনা যাচ্ছে, অথচ প্রজাপতি যেন কোথাও নেই।

শিসু চারদিকে তাকিয়ে বলল,
-'রাহি, এত ফুল ফুটেছে, কিন্তু প্রজাপতিগুলো কোথায় গেল?'

অরণ নিচু হয়ে একটি গাঁদা ফুলের দিকে তাকাল।
-'আমিও তো একটাও দেখছি না। গত বছর এই পথ দিয়ে হাঁটাই কঠিন ছিল। চারদিকে শুধু প্রজাপতি আর প্রজাপতি।'

ঠিক তখনই পাশের বটগাছের ডাল নরম বাতাসে দুলে উঠল।
বটদাদুর পরিচিত কণ্ঠ ভেসে এলো।
-'প্রকৃতি কখনো অকারণে নীরব হয় না। যখন কোনো প্রাণী হারিয়ে যেতে শুরু করে, তখন বুঝতে হবে সে আমাদের কাছে সাহায্য চাইছে।'

রাহি জিজ্ঞেস করল,
-'কিন্তু আমরা কীভাবে বুঝব সমস্যাটা কোথায়?'

বটদাদু বললেন,
-'চোখ দিয়ে শুধু ফুল দেখো না, চারপাশও দেখো। উত্তর সেখানেই লুকিয়ে আছে।'

চারজন মিলে বাগানের চারপাশ ঘুরতে লাগল।

তারা দেখল, অনেক জমিতে এখন শুধু একটি ধরনের ফসল। আগের মতো বুনো ফুল নেই। রাস্তার ধারে ঘাস কেটে একেবারে পরিষ্কার করে ফেলা হয়েছে। কয়েকজন কৃষক পোকা দমনের জন্য ঘন ঘন কীটনাশকও ব্যবহার করছেন।

অরণ ধীরে ধীরে বলল,
-'তাহলে প্রজাপতিরা খাবারও পাচ্ছে না, বাচ্চা বড় করার নিরাপদ জায়গাও পাচ্ছে না।'

বটদাদু মাথা নাড়লেন।
-'ঠিক তাই। শুধু সুন্দর ফুল থাকলেই হয় না। প্রজাপতির জীবনচক্রের জন্য নানা ধরনের গাছ, পাতা আর নিরাপদ পরিবেশ দরকার।'

শিসু একটু মন খারাপ করে বলল,
-'তাহলে কি আর কখনো এত প্রজাপতি ফিরে আসবে না?'

রাহির চোখে তখন নতুন এক দৃঢ়তা।
-'ফিরবে। যদি আমরা তাদের জন্য একটি ছোট্ট আশ্রয় তৈরি করতে পারি।'

পরদিন থেকেই শুরু হলো নতুন উদ্যোগ।

স্কুলের শিক্ষক,শিক্ষার্থী আর গ্রামের মানুষ মিলে বাগানের এক কোণে লাগালেন শিউলি, ল্যান্টানা, রঙ্গন, সূর্যমুখী, তুলসী আর নানা ধরনের দেশীয় ফুলগাছ। রাস্তার ধারে কিছু বুনো গাছও আর কাটা হলো না। কৃষকদের সঙ্গে কথা বলে অপ্রয়োজনীয় কীটনাশক ব্যবহার কমানোর সিদ্ধান্ত নেওয়া হলো।

বাগানের সামনে একটি ছোট্ট কাঠের ফলক টাঙিয়ে দিল অরণ।

'প্রজাপতির নিরাপদ আশ্রয়। ফুল তুলবেন না, গাছ নষ্ট করবেন না।'

দিন গড়িয়ে সপ্তাহ এল।

এক সকালে শিসু দৌড়াতে দৌড়াতে চিৎকার করে উঠল,
-'রাহি! অরণ! তাড়াতাড়ি এসো!'

দুজন ছুটে গিয়ে দেখল,একটি হলুদ-কালো প্রজাপতি রঙ্গন ফুলের ওপর বসে আছে।

কিছুক্ষণ পর আরেকটি।

তারপর আরও কয়েকটি।

অল্প সময়ের মধ্যেই বাগানজুড়ে উড়তে লাগল নানা রঙের প্রজাপতি।

রাহির মুখে হাসি ফুটে উঠল।
-'দেখেছ! ওরা আমাদের ডাক শুনেছে।'

অরণ মৃদু হেসে বলল,
-'না, আমরা ওদের ডাক শুনেছিলাম। তাই ওরা ফিরে এসেছে।'

বটদাদু স্নেহভরা কণ্ঠে বললেন,
-'পৃথিবীর প্রতিটি ছোট প্রাণী একটি বড় গল্পের অংশ। একটি প্রজাপতি হারিয়ে যাওয়া মানে শুধু একটি রঙ হারানো নয়, প্রকৃতির ভারসাম্যের একটি অধ্যায় দুর্বল হয়ে যাওয়া।'

সেদিন বিকেলে সূর্যের আলোয় রঙিন ডানা মেলে উড়ে বেড়ানো প্রজাপতিগুলোর দিকে তাকিয়ে রাহি মনে মনে ভাবল, প্রকৃতিকে ভালোবাসা মানে শুধু গাছ লাগানো নয়, তার প্রতিটি প্রাণের জন্য একটু করে জায়গা করে দেওয়া।

'আজকের সবুজ প্রতিজ্ঞা'ঃ
আমি ফুল, প্রজাপতি, মৌমাছি ও অন্যান্য উপকারী প্রাণীর জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে সচেষ্ট থাকব। অপ্রয়োজনীয়ভাবে গাছপালা নষ্ট করব না এবং অন্যদেরও সচেতন করব।

'সবুজ তথ্য'ঃ
প্রজাপতি শুধু সুন্দর একটি পতঙ্গ নয়। তারা ফুলের পরাগায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোনো এলাকায় প্রজাপতির সংখ্যা কমে গেলে সেটি পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার একটি সতর্ক সংকেত হতে পারে।

আগামীকাল
পর্ব-২৪: 'বনের নীরব অতিথি'।