চীনে বৈরী আবহাওয়ার তাণ্ডব,বজ্রঝড় ও বন্যায় প্রাণ গেল ১০ জনের

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৭-০৭ ১০:২৮:১৭
image

চীনের বিভিন্ন অঞ্চলে বৈরী আবহাওয়ার প্রভাবে পৃথক ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মধ্যাঞ্চলে প্রবল বজ্রঝড় ও ঝোড়ো হাওয়ায় আটজন এবং দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাত ও বন্যায় আরও দুজনের প্রাণহানি ঘটেছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির খবরে জানানো হয়, সোমবার হুবেই প্রদেশের পূর্বাঞ্চলে শক্তিশালী বজ্রঝড় ও দমকা হাওয়া আঘাত হানে। বিশেষ করে হুয়াংশি ও হুয়াংগাংসহ কয়েকটি শহরে সন্ধ্যার দিকে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। এতে অন্তত আটজন নিহত হন।
প্রতিবেদনে আরও বলা হয়, ঝড়ের সময় কয়েকটি এলাকায় টর্নেডোরও সৃষ্টি হয়। এখনো একজন নিখোঁজ রয়েছেন। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব নিরূপণে কাজ চলছে এবং উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
অন্যদিকে টাইফুন মেসাকের প্রভাবে দক্ষিণাঞ্চলের গুয়াংসি অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে অন্তত দুজনের মৃত্যু হয়েছে।
পরিস্থিতির অবনতি হওয়ায় সোমবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৪৮ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
চীনে গ্রীষ্মকালজুড়ে বৈরী আবহাওয়া প্রায় নিয়মিত ঘটনা। বছরের এ সময় দেশের একাধিক অঞ্চলে অতিভারী বৃষ্টিপাত, বন্যা, বজ্রঝড় ও ঝোড়ো হাওয়ার পাশাপাশি কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহও দেখা দেয়।

চীন,বজ্রঝড়,বন্যা