চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে প্রাইভেট প্রাকটিসের সময় সাংবাদিক দেখে ভৌঁ-দৌড়ে পালানো সরকারি চিকিৎসক ডা. ইনজামাম উল হককে স্বাস্থ্য অধিদপ্তর ভোলা জেলার মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করেছে। সোমবার(৬ জুলাই) চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার-কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত ওই চিকিৎসক সিভিল সার্জন অফিস থেকে ছাড়পত্র নিয়েছেন। এছাড়া ওই চিকিৎসককে স্বাস্থ্য মন্ত্রণালয় সাময়িক বরখাস্ত করে ১০ কর্মদিবসের মধ্যে কারণ দর্শাণোর নোটিশ দিয়েছে। সরকারি কর্মচারী শৃঙ্খলা বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে চলমান বিভাগীয় মামলায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া স্থানীয় পর্যায়ে ঘটনা খতিয়ে দেখে দ্রুত প্রতিবেদন দাখিলের জন্য একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।
সোমবার রাত সাড়ে ১১টায় সিভিল সার্জন এ.কে,এম সাহাবুদ্দীন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত রোববার(৫জুলাই) অধিদপ্তরের এবং এর আগে গত শনিবার(৪ জুলাই) মন্ত্রণালয়ের সিদ্ধান্তগুলো জানা গেছে। ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ গত বৃহস্পতিবার (২জুলাই) তিনি অফিস সময়ে কর্তব্য ফাঁকি দিয়ে চাঁপাই এ্যাপোলো নামক একটি বেসরকারি হাসপাতালে রোগি দেখছিলেন।
ভিডিওতে দেখা গেছে, ওই চিকিৎসক ওই হাসপাতালে রোগি দেখার সময় সাংবাদিকরা উপস্থিত হলে তিনি রোগি ফেলে এক দৌড়ে ওই হাসপাতাল থেকে বের হয়ে যান। প্রায় সাথে সাথে সাংবাদিকদের ধারণ করা চিকিৎসকের ওই দৌড়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে সংবাদ হিসেবে বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়। এরপর তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয় ঘটনাটি নিয়ে। ঘটনাটি ‘টক অব দ্য টাউনে’ পরিণত হয়। নানা মন্তব্য শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সিভিল সার্জন সাহবুদ্দীন বলেন, ঘটনার পরদিন শুক্রবার (৩ জুলাই) ওই ভিডিও তাঁর নজরে আসে। ঘটনার দিন ওই চিকিৎসক দুপুর প্রায় সাড়ে ১২টা পর্যন্ত অফিসে তাঁর সাথেই ছিলেন। পরে দুপুর দেড়টার দিকে তাঁকে আবার অফিসে দেখা গেছে। মাঝে প্রায় ১ ঘন্ট্ াওই চিকিৎসক কোথায় কি করছিলেন সেটি তিনি অবগত নন। এরপর দুপুর ১টা থেকে লাঞ্চ ব্রেক। এই ঘটনার জেরে সংবাদ প্রকাশ ও ভিডিও ভাইরাল হবার প্রকৃত ঘটনা উদঘাটনে উর্ধতণ কর্তৃপক্ষ ওই চিকিৎসকের বিরুদ্ধে ওইসব ব্যবস্থা নিয়েছে বলেও জানান সিভিল সার্জন।
এদিকে ঘটনা সম্পর্কে জানার জন্য একাধিকবার চিকিৎসক ইনজামামের মোবাইলে ফোন দিলেও তিনি রিসিভ করেন নি।