নড়াইলে ঘরের ওপর উল্টে পড়ল পাথর বোঝাই ট্রাক: ঘুমন্ত স্কুলছাত্রী নিহত

  • সুহেল রানা
  • ২০২৬-০৭-০৭ ০০:৪০:৩২
image
নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বসতঘরের ওপর পাথরবোঝাই ট্রাক উল্টে পড়ে ঘুমন্ত এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছোট বোন গুরুতর আহত হয়েছে। রোববার (৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নলদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামিমা আক্তার সেতু (১৭) স্থানীয় কাঁচামাল ব্যবসায়ী মো. হাফিজার মোল্লার মেয়ে এবং নলদী বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। আহত হয়েছেন তার ছোট বোন মিতু খানম (১৩)। তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাবার খেয়ে দুই বোন প্রতিদিনের মতো নিজ কক্ষে ঘুমিয়ে ছিল। এ সময় মিঠাপুর থেকে নির্মাণাধীন একটি সেতুর জন্য পাথর নিয়ে আসা একটি ট্রাক পথ ভুল করে নলদী খালপাড়ের সরু সড়কে প্রবেশ করে। বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে গিয়ে টিনের ঘরের ওপর উল্টে যায়। এতে ট্রাকে থাকা পাথর দুই বোনের ওপর পড়ে। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে দীর্ঘ সময় ধরে পাথর সরিয়ে শামিমাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় তার ছোট বোন মিতুকে। স্থানীয় বাসিন্দারা জানান, ভারী যান চলাচলের অনুপযোগী সরু সড়কে পথ ভুল করে প্রবেশ করায় এ দুর্ঘটনা ঘটে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।