গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্তে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৭-০৬ ১৯:৫০:১১
image

রাজধানীর গুলশান-বনানী-বারিধারা লেকের পরিবেশগত ভারসাম্য রক্ষা, পানি দূষণ প্রতিরোধ এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। সভায় গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার ভবনগুলোর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, লেকে বর্জ্য প্রবাহ এবং দূষণ প্রতিরোধে চলমান ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, বৈঠকে প্রধানমন্ত্রী লেকের পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দুই সিটি করপোরেশন এবং দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বর্জ্য অপসারণ, পানির মান উন্নয়ন এবং দূষণের উৎস বন্ধে দ্রুত ও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
সভায় কর্মকর্তারা জানান, লেককে দূষণমুক্ত করতে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসব পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার হচ্ছে যেসব ভবনের পয়ঃবর্জ্য সরাসরি লেকে গিয়ে পড়ছে, সেগুলোর সংযোগ শনাক্ত করে তা বন্ধ করা।
এছাড়া লেকের পরিবেশ সংরক্ষণে পয়ঃবর্জ্য শোধনাগার স্থাপনের বিষয়েও গুরুত্ব দিয়ে আলোচনা হয়। একই সঙ্গে লেক ও এর সঙ্গে সংযুক্ত খালগুলো নিয়মিত পরিষ্কার রাখা, জমে থাকা বর্জ্য অপসারণ এবং স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও মতবিনিময় হয়।
বৈঠকে কড়াইল বস্তি থেকে নির্গত বর্জ্য যাতে সরাসরি লেকে না পড়ে, সে লক্ষ্যে সম্ভাব্য কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়েও আলোচনা হয় বলে জানান উপ-প্রেস সচিব।
সভায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াজুল ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গুলশান লেক, দূষণ, পরিবেশ সংরক্ষণ