'নদীর কান্না আর নীল বোতলের রহস্য'

  • এস এম আজাদ হোসেন
  • ২০২৬-০৭-০৬ ১৫:২৫:১১
image

প্রিয় বন্ধুরা,একই স্বপ্ন,একই ধারাবাহিকতা নিয়ে আজ থেকেই শুরু হচ্ছে আমাদের নতুন অধ্যায়-

পর্ব-২১

ভোরের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট্ট নদীটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে ছিল রাহি। নদীর পানিতে সূর্যের প্রথম আলো পড়ার কথা,কিন্তু আজ পানির ওপর ভাসছে অসংখ্য নীল,সবুজ আর সাদা প্লাস্টিকের বোতল।

অরণ দৌড়ে এসে বলল,
-রাহি! এত বোতল কোথা থেকে এল?

রাহি দীর্ঘশ্বাস ফেলল।
-গতকাল সন্ধ্যায় নদীর ওপারের হাট বসেছিল। মনে হয় অনেকেই ব্যবহার শেষে বোতলগুলো নদীতে ফেলে দিয়েছে।

ঠিক তখনই হালকা বাতাসে পুরোনো বটগাছের পাতাগুলো কেঁপে উঠল।
-তোমরা কি নদীর কান্না শুনতে পাচ্ছ?
গভীর, স্নেহময় কণ্ঠে বললেন বটদাদু।

শিসু এদিক-ওদিক তাকিয়ে বলল,
-নদী আবার কাঁদে নাকি?

বটদাদু মৃদু হেসে বললেন,
-মানুষ যেমন চোখের জল ফেলে, নদী তেমনভাবে কাঁদে না। কিন্তু যখন তার বুক প্লাস্টিকে ভরে যায়,মাছ কমে যায়,পানি নোংরা হয়,তখন তার কান্না ঢেউ হয়ে মানুষের কাছেই ফিরে আসে।
চার বন্ধু নদীর ধারে এগিয়ে গেল। হঠাৎ তারা দেখল,একটি ছোট্ট পানকৌড়ি পাখির পা প্লাস্টিকের রিংয়ে আটকে গেছে। পাখিটি ডানা ঝাপটাচ্ছে, কিন্তু উড়তে পারছে না।
অরণ ধীরে ধীরে পাখিটির কাছে গেল। রাহি নিজের গামছা দিয়ে পাখিটিকে আলতোভাবে ধরে রাখল। অনেক যত্ন করে প্লাস্টিকের রিংটি কেটে মুক্ত করে দিল তারা।

মুক্ত হয়েই পাখিটি ডানা মেলে নদীর ওপর দিয়ে উড়ে গেল।

শিসু আনন্দে লাফিয়ে উঠল।
-দেখো! ও যেন আমাদের ধন্যবাদ দিল!

বটদাদু বললেন,
-আজ তোমরা শুধু একটি পাখিকে বাঁচাওনি; মানুষকে একটি শিক্ষা দিলে। প্লাস্টিক কখনোই প্রকৃতির বন্ধু নয়।

এরপর রাহির মাথায় একটি নতুন ভাবনা এল।
-আমরা শুধু পরিষ্কার করলেই তো হবে না। সবাইকে বোঝাতে হবে কেন নদীতে ময়লা ফেলা উচিত নয়।

অরণ বলল,
-তাহলে চল, স্কুলে 'নদী বন্ধু দল' গড়ি। প্রতি শুক্রবার সবাই মিলে নদীর পাড় পরিষ্কার করব। দোকানদারদেরও বলব,নদীতে যেন কেউ বোতল না ফেলে।

শিসু হাত তুলে বলল,
-আর আমি ছোটদের শেখাব,বোতল ডাস্টবিনে ফেললে নদী হাসে!

সবাই হেসে উঠল।

পরের শুক্রবার স্কুলের শিক্ষক,শিক্ষার্থী,জেলে,কৃষক-সবাই মিলে নদীর পাড় পরিষ্কার করল। যে নদী কয়েক দিন আগে প্লাস্টিকে ভরা ছিল,সেখানে আবার জলের ঝিলিক দেখা গেল।

সন্ধ্যায় নদীর পাড়ে দাঁড়িয়ে রাহি দেখল,পানির ওপর লাল আকাশের প্রতিচ্ছবি নেচে বেড়াচ্ছে।

বটদাদু ধীর কণ্ঠে বললেন,
-মনে রেখো, পৃথিবীকে একদিনে নোংরা করা যায় না; তেমনি একদিনে পরিষ্কারও করা যায় না। কিন্তু একটি ভালো কাজ হাজার মানুষের মনে আলো জ্বালাতে পারে।

রাহি, অরণ আর শিসু একসঙ্গে হাত বাড়িয়ে বলল,
-আমরা প্রতিজ্ঞা করছি,নদী,খাল, বিল কিংবা পুকুর-কোথাও ময়লা ফেলব না এবং অন্যদেরও সচেতন করব।

আজকের সবুজ প্রতিজ্ঞাঃ
আমি কখনো নদী,খাল,বিল বা পুকুরে প্লাস্টিক বা অন্য কোনো বর্জ্য ফেলব না এবং অন্যদেরও তা না করতে উৎসাহিত করব।

সবুজ তথ্যঃ
একটি প্লাস্টিকের বোতল প্রকৃতিতে পুরোপুরি নষ্ট হতে কয়েক শত বছর পর্যন্ত সময় লাগতে পারে। তাই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক যত কম ব্যবহার করা যায়,পরিবেশ তত বেশি নিরাপদ থাকে।


পর্ব-২২: 'হারিয়ে যাওয়া জোনাকির আলো'