বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ভোটগ্রহণ শেষে শনিবার ভোরে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটগ্রহণ চলে। মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে ১৭টি ব্যালট বাতিল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে শিবা শানু ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অভিনেতা ও ফাইট ডিরেক্টর আরমান পান ১৭৩ ভোট। সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পান ১৭৯ ভোট।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কামাল মো. কিবরিয়া লিপু। নির্বাচন কমিশনার ছিলেন খোরশেদ আলম খসরু ও বি এইচ নিশান।
নির্বাচনকে ঘিরে কয়েক সপ্তাহ ধরেই বিএফডিসিতে ছিল উৎসবমুখর পরিবেশ। দুটি পূর্ণাঙ্গ প্যানেলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় আরমান-মুক্তি পরিষদ এবং শিবা শানু-জয় চৌধুরী পরিষদের মধ্যে। ভোটগ্রহণের দিনও শিল্পীদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশ বজায় ছিল।
নতুন কমিটির কাছে শিল্পীদের প্রত্যাশা, আগামী দুই বছরে শিল্পীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি দেশের চলচ্চিত্র শিল্পকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
শিল্পী সমিতি, শিবা শানু, জয় চৌধুরী