খামেনির শেষকৃত্যে তেহরানে লাখো মানুষের ঢল

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৭-০৪ ০৯:২৮:২৫
image

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে শনিবার সকাল থেকেই রাজধানী তেহরানের গ্র্যান্ড মসাল্লা প্রাঙ্গণে লাখো শোকাহত মানুষের সমাগম ঘটেছে। আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগেই পুরো এলাকা মানুষের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে ওঠে।
বার্তা সংস্থা এএফপি জানায়, তাদের উপস্থিত সাংবাদিকদের পর্যবেক্ষণে গ্র্যান্ড মসাল্লা কমপ্লেক্সের মূল প্রাঙ্গণ সকাল থেকেই শোকাহত মানুষের ঢলে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ শেষবারের মতো প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত হন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিপুল জনসমাগমের কারণে অনুষ্ঠানস্থলের আশপাশেও মানুষের ভিড় ছড়িয়ে পড়ে। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে রাজধানীজুড়ে কঠোর যান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করে ইরানি কর্তৃপক্ষ।
এএফপির আরেক প্রতিবেদনে বলা হয়, সড়ক নিয়ন্ত্রণ ও যানজটের কারণে বহু মানুষ কয়েক কিলোমিটার পথ হেঁটে গ্র্যান্ড মসাল্লায় পৌঁছান, যাতে তারা শেষবারের মতো আয়াতুল্লাহ আলী খামেনিকে শ্রদ্ধা জানাতে পারেন।

খামেনি, তেহরান, শেষকৃত্য