শিল্পী সমিতি নির্বাচন: যোগ্য নেতৃত্ব ও ঐক্যের বার্তা দিলেন তিন তারকা

  • বিনোদন ডেক্স
  • ২০২৬-০৭-০৩ ২২:৪৮:০৩
image

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশে মুখর ছিল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণ। ভোট দিতে এসে বরেণ্য অভিনেতা, পরিচালক ও প্রযোজক সোহেল রানা, জ্যেষ্ঠ অভিনেতা-পরিচালক কাজী হায়াৎ এবং জনপ্রিয় অভিনেতা শহীদুজ্জামান সেলিম-তিনজনই যোগ্য নেতৃত্ব, শিল্পীদের ঐক্য এবং চলচ্চিত্রের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।
ভোট প্রদান শেষে সোহেল রানা বলেন, কোনো প্যানেল বা তারকাখ্যাতি বিবেচনা করে নয়, বরং সংগঠন পরিচালনার সক্ষমতা এবং চলচ্চিত্রের সার্বিক কল্যাণে যিনি বেশি ভূমিকা রাখতে পারবেন, তাকেই তিনি ভোট দিয়েছেন। তার মতে, শিল্পী সমিতির নেতৃত্ব এমন মানুষের হাতে থাকা উচিত, যারা চলচ্চিত্র অঙ্গনের বাস্তব সমস্যাগুলো সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
অন্যদিকে, ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন কাজী হায়াৎ। তিনি বলেন, এবারের নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোর অস্থিরতার তুলনায় এবার শিল্পীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য লক্ষ্য করা গেছে। তিনি আশা প্রকাশ করেন, ফলাফল যাই হোক না কেন, বিজয়ী ও পরাজিত উভয় পক্ষ গণতান্ত্রিক সংস্কৃতিকে সম্মান জানাবে এবং শিল্পীদের মধ্যে বিভেদ নয়, ঐক্য আরও সুদৃঢ় হবে।
কাজী হায়াৎ বলেন, শিল্পীরা মূলত নিজেদের অধিকার রক্ষা এবং চলচ্চিত্র শিল্পকে টিকিয়ে রাখার লক্ষ্যেই একত্রিত হন। তাই নির্বাচনকে অবজ্ঞা না করে এটিকে শিল্পী সমাজের গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে দেখা উচিত।
জনপ্রিয় অভিনেতা শহীদুজ্জামান সেলিমও নির্বাচনকে ঘিরে সন্তোষ প্রকাশ করে বলেন, বর্তমান সময়ে চলচ্চিত্র শিল্পের জন্য সৎ, যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্বের বিকল্প নেই। তিনি আশা করেন, নতুন নেতৃত্ব শিল্পীদের কল্যাণে আরও আন্তরিকভাবে কাজ করবে এবং সরকারের সঙ্গে সমন্বয় করে অসহায় ও সংকটাপন্ন শিল্পীদের পাশে দাঁড়াবে।
তিনি আরও বলেন, দেশের চলচ্চিত্র শিল্প ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। এই অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে প্রয়োজন দূরদর্শী নেতৃত্ব, যারা শিল্পীদের স্বার্থ রক্ষার পাশাপাশি শিল্পের সার্বিক উন্নয়নে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করবেন।
শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ৫৭৩ জন ভোটার আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন শেষে ভোট গণনার কাজ শুরু হয়।
নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি প্যানেলে রয়েছেন আরমান ও রুমানা ইসলাম মুক্তি, অপর প্যানেলে রয়েছেন শিবা সানু ও জয় চৌধুরী।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট প্রযোজক খোরশেদ আলম খসরু। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন কামাল মো. কিবরিয়া লিপু ও বি. এইচ. নিশান। নির্বাচন-পরবর্তী আপিল বোর্ডে রয়েছেন ছটকু আহমেদ, কাজী হায়াৎ ও বাদল খন্দকার।

শিল্পী সমিতি, নির্বাচন, চলচ্চিত্র