গণতন্ত্র শক্তিশালী করতে স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যমের ওপর জোর দিলেন মির্জা ফখরুল

  • ঠাকুরগাঁও প্রতিনিধি
  • ২০২৬-০৭-০৩ ১৯:৪৯:৩৩
image

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, বস্তুনিষ্ঠ ও সাহসী গণমাধ্যমের বিকল্প নেই। তিনি সাংবাদিকদের সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চার আহ্বান জানিয়ে বলেন, গণমাধ্যম যত শক্তিশালী হবে, গণতন্ত্রও তত সুসংহত হবে।
শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সাংবাদিকদের দায়িত্ব হলো নির্ভয়ে সত্য তুলে ধরা। ভালো কাজের যথাযথ মূল্যায়নের পাশাপাশি অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে নির্ভীকভাবে সংবাদ প্রকাশ করতে হবে। তিনি বলেন, সাদাকে সাদা এবং কালোকে কালো বলার সাহসই প্রকৃত সাংবাদিকতার পরিচয়। একই সঙ্গে রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে তাদের সঠিক পথে পরিচালিত করাও গণমাধ্যমের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তিনি আরও বলেন, রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে গিয়ে ভুল হতে পারে। সেই ভুল তুলে ধরা, জবাবদিহি নিশ্চিত করা এবং জনস্বার্থে সত্য প্রকাশ করাই সংবাদমাধ্যমের মূল দায়িত্ব। তবে সত্য সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের হামলা ও হয়রানির শিকার হওয়ার ঘটনাকে তিনি উদ্বেগজনক বলে উল্লেখ করেন।
মির্জা ফখরুল বলেন, একটি দেশের গণতান্ত্রিক অগ্রগতি অনেকাংশে নির্ভর করে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের ওপর। তাই সংবাদমাধ্যম যেন নির্ভয়ে ও স্বাধীনভাবে কাজ করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
সরকারের উন্নয়ন পরিকল্পনার বিষয়ে তিনি জানান, ঠাকুরগাঁওয়ে দুটি নতুন উপজেলা অনুমোদন দেওয়া হয়েছে এবং এ-সংক্রান্ত কার্যক্রম শুরু হয়েছে। তবে কেবল অবকাঠামো উন্নয়ন নয়, দক্ষ, সৎ ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ব্যক্তি নয়, কাজকে মূল্যায়ন করতে হবে। ইতিবাচক উদ্যোগের স্বীকৃতি যেমন দিতে হবে, তেমনি জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধেও নির্ভয়ে সংবাদ প্রকাশ অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানের শেষে ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, পেশাদার ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে তারা গণমানুষের আস্থা আরও সুদৃঢ় করবেন এবং প্রেসক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন।

মির্জা ফখরুল, সাংবাদিকতা, গণমাধ্যম