বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা তিন জয়ে দারুণ ছন্দে থাকলেও ফিফার লাইভ র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। লিওনেল মেসিদের পয়েন্ট অপরিবর্তিত থাকলেও ফ্রান্সের উত্থানে এক ধাপ পিছিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
গ্রুপ পর্বে আর্জেন্টিনা আলজেরিয়াকে ৩-০, অস্ট্রিয়াকে ২-০ এবং জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে শতভাগ সাফল্য নিয়ে নকআউটে উঠেছে। তবে ২৮ জুন জর্ডানের বিপক্ষে জয়ের পর তাদের রেটিং পয়েন্ট ১৯০৭.৪০-এই স্থির রয়েছে।
অন্যদিকে, শেষ বত্রিশে সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে বড় অগ্রগতি করেছে ফ্রান্স। ওই জয়ে তাদের সঙ্গে যোগ হয়েছে ৯.৪০ রেটিং পয়েন্ট। ফলে মোট ১৯১৬.১৫৪ পয়েন্ট নিয়ে দুই ধাপ এগিয়ে ফিফার লাইভ র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে কিলিয়ান এমবাপ্পেদের দল।
আগের দুই নম্বরে থাকা স্পেন এক ধাপ পিছিয়ে এখন তৃতীয় স্থানে। তাদের পয়েন্ট ১৮৭৯.৫৮ অপরিবর্তিত রয়েছে। ডিআর কঙ্গোর বিপক্ষে নাটকীয় জয়ে প্রায় সাড়ে ১০ পয়েন্ট অর্জন করলেও ইংল্যান্ড আগের মতোই চতুর্থ অবস্থানে রয়েছে।
পঞ্চম থেকে অষ্টম স্থানে যথাক্রমে রয়েছে ব্রাজিল, মরক্কো, নেদারল্যান্ডস ও পর্তুগাল। অন্যদিকে চার ধাপ এগিয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছে মেক্সিকো।
র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ার পর এবার আর্জেন্টিনার সামনে নকআউটের চ্যালেঞ্জ। আগামী শনিবার শেষ বত্রিশের ম্যাচে তাদের প্রতিপক্ষ বিশ্বকাপে নবাগত কেপ ভার্দে।
প্রথমবার বিশ্বকাপে খেলতে নেমেই চমক দেখিয়েছে আফ্রিকার দেশটি। গ্রুপ পর্বে তারা স্পেনকে রুখে দিয়েছে, উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে এবং সৌদি আরবের কাছেও পরাজিত হয়নি।
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছেন, তাঁর দল ১-০ গোলে জয় পাবে। তাঁর মতে, শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে হারানোর কিছু নেই; বরং নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে নতুন ইতিহাস গড়ার সুযোগ রয়েছে কেপ ভার্দের সামনে।
আর্জেন্টিনা, ফিফা র্যাঙ্কিং, ফ্রান্স