খামেনির ছয় দিনের রাষ্ট্রীয় শেষ বিদায় শুরু,তেহরানে শোকের ঢল

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৭-০৩ ১০:০৬:০০
image

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছয় দিনব্যাপী রাষ্ট্রীয় শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। এ উপলক্ষে রাজধানী তেহরানে শোকের আবহ তৈরি হয়েছে। বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষ শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হতে শুরু করেছেন।
ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ধাপে ধাপে জানাজা, রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন ও দাফনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। চার মাস পর তাঁর রাষ্ট্রীয় জানাজা ও দাফনের আয়োজন করা হচ্ছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কোনো পূর্বঘোষণা ছাড়াই খামেনির মরদেহবাহী কফিন রাজধানীর মধ্য তেহরানে তাঁর নিহত হওয়ার ঘটনাস্থলে নেওয়া হয়। সেখানে বিপুল মানুষের অংশগ্রহণে শোকযাত্রা অনুষ্ঠিত হয়।
তেহরানের বিভিন্ন সড়কে কালো পোশাক পরিহিত শোকাহত মানুষকে জাতীয় পতাকা ও খামেনির প্রতিকৃতি হাতে অবস্থান নিতে দেখা গেছে। অনেকেই অশ্রুসিক্ত চোখে শেষ শ্রদ্ধা জানান।
মরদেহ রাখা স্থানে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্ভাব্য যেকোনো হামলা বা নাশকতা প্রতিরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ইরানি কর্তৃপক্ষ।
খামেনির সরকারি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত ছবিতে দেখা যায়, তাঁর কফিন একটি ছোট কক্ষে রাখা হয়েছে, যার দেয়াল ইরানের জাতীয় পতাকায় সজ্জিত। কফিনের ওপর লাল রঙের একটি পতাকা বিছিয়ে রাখা হয়েছে, যাতে সাদা অক্ষরে লেখা রয়েছে। এটি ইমাম হোসেন (রা.)-এর মাজারের পবিত্র পতাকা, যা ইরানে প্রতিরোধ, আত্মত্যাগ ও সত্যের প্রতি অবিচল থাকার প্রতীক হিসেবে বিবেচিত।
ইরানি সরকারের তথ্য অনুযায়ী, শেষ বিদায়ের রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধি ও রাষ্ট্রীয় ব্যক্তিত্ব অংশ নেবেন। বাংলাদেশের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

খামেনি, ইরান, রাষ্ট্রীয় বিদায়