শুরু থেকেই দাপুটে ফুটবল উপহার দিয়ে অস্ট্রিয়াকে ৩-০ গোলে পরাজিত করে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে স্পেন। অভিজ্ঞ ফরোয়ার্ড মিকেল ওইয়ারসাবালের জোড়া গোলের সঙ্গে পেদ্রো পররোর একটি গোল যোগ হয়ে সহজ জয় তুলে নেয় লুইস দে লা ফুয়েন্তের দল।
বৃহস্পতিবার রাতে লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ বত্রিশের ম্যাচে শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে স্প্যানিশরা। এই জয়ের ফলে শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ হয়েছে পর্তুগাল।
২০১০ সালে বিশ্বকাপ শিরোপা জয়ের পর এবারই প্রথম নকআউট পর্বে জয়ের স্বাদ পেল স্পেন। একই সঙ্গে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকার কীর্তিও গড়েছে দলটি।
প্রথমার্ধের ৩৬ মিনিটে গোলের সূচনা করেন ওইয়ারসাবাল। বাঁ প্রান্ত থেকে মার্ক কুকুরেইয়ার নিচু পাস পেয়ে প্রথম ছোঁয়াতেই নিখুঁত প্লেসিং শটে অস্ট্রিয়ার গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে স্পেন। ৬৬ মিনিটে কুকুরেইয়ার তৈরি আক্রমণ থেকে অ্যালেক্স বায়েনা বল বাড়িয়ে দেন পেদ্রো পররোর উদ্দেশে। ফাঁকায় থাকা পররো শক্তিশালী হেডে ব্যবধান দ্বিগুণ করেন। বিশ্বকাপে এটি তার প্রথম গোল।
নির্ধারিত সময় শেষ হওয়ার এক মিনিট আগে নিজের দ্বিতীয় গোল করে ম্যাচের সব অনিশ্চয়তার অবসান ঘটান ওইয়ারসাবাল। কুকুরেইয়ার নিখুঁত থ্রু পাস ধরে ডি-বক্সে ঢুকে ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করেন রেয়াল সোসিয়েদাদের এই ফরোয়ার্ড।
এই জোড়া গোলের মাধ্যমে ১৯৮৬ সালের পর প্রথম স্প্যানিশ ফুটবলার হিসেবে বিশ্বকাপের নকআউট ম্যাচে একাধিক গোল করার কৃতিত্ব অর্জন করেন ওইয়ারসাবাল। এর আগে ১৯৮৬ বিশ্বকাপের শেষ ষোলোয় ডেনমার্কের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন এমিলিও বুত্রাগুয়েনো।
বিশ্বকাপে ওইয়ারসাবালের গোলসংখ্যা এখন চার। আর জাতীয় দলের জার্সিতে ৫৭ ম্যাচে তার মোট গোল দাঁড়িয়েছে ২৯টি।
দিনের অন্য ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল। আগামী সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় আর্লিংটনের ডালাস স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে স্পেন ও পর্তুগাল।
স্পেন, ওইয়ারসাবাল, বিশ্বকাপ