চোখের অপারেশনের জন্য নগদ অর্থ দিল 'চৌগাছা পরিবার

  • চৌগাছা (যশোর) প্রতিনিধি
  • ২০২৬-০৭-০২ ২২:৩৫:১৪
image

যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের অসহায় মোঃ মহাব্বত আলীর চোখের অপারেশনের জন্য চিকিৎসা সহায়তা হিসেবে নগদ ৭ হাজার টাকা প্রদান করেছে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত অরাজনৈতিক, অলাভজনক ও সেবামূলক সংগঠন চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) বিকেলে প্রবল বৃষ্টি উপেক্ষা করে সংগঠনের নেতৃবৃন্দ মহাব্বত আলীর বাড়িতে গিয়ে তার হাতে এ অর্থ তুলে দেন। এ সময় তারা তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মহাব্বত আলী। দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাতের পাশাপাশি তার দুই চোখের দৃষ্টিশক্তিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না এবং দৈনন্দিন কাজকর্মে অন্যের সহায়তার ওপর নির্ভরশীল। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার দ্রুত চোখের অপারেশন প্রয়োজন। তবে আর্থিক সংকটের কারণে পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছিল না। এ অবস্থায় মানবিক সহায়তার উদ্যোগ নেয় চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ বখতিয়ার হোসেনের আহ্বানে মালয়েশিয়া প্রবাসী ইসরাফিল হোসেন, মোঃ সাগর হোসেন ও মোঃ মেহেদী হোসেন আর্থিক সহযোগিতা করেন। এছাড়া সংগঠনের তহবিল থেকে অর্থ প্রদান করা হয়। সব মিলিয়ে মোট ৭ হাজার টাকা চিকিৎসা সহায়তা হিসেবে মহাব্বত আলীর হাতে তুলে দেওয়া হয়।
নগদ অর্থ প্রদানকালে সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ আকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক দীপ্ত বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোঃ আছির উদ্দিন, সংগঠনের নারায়ণপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রনি,
মোঃ আরিফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।