কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক

  • আহম্মেদুল কবির, কুড়িগ্রাম:
  • ২০২৬-০৭-০২ ১৭:২০:১৫
image

কুড়িগ্রামে এই প্রথমবারের মতো অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস (মেথঅ্যামফেটামিন) নামক মাদকসহ ১ ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক সংরক্ষণের অভিযোগে আটককৃত ওই ব্যক্তিকে গ্রেফতার দেখানো হয়।
আজ ২ জুলাই বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মিজ জান্নাতুল ফিরদৌস।
গ্রেফতারকৃত ব্যক্তি ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের মৃত সাহেব আলীর ছেলে মো. শাহিন খান (২৮)।
জানা যায়,১ জুলাই বুধবার বিকেলের দিকে জেলার ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ১০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ২ দশমিক ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে শাহিন খানের নিজ বসতবাড়ির শয়ন কক্ষের খাটের পাশের টেবিলের ড্রয়ারে রাখা একটি সাদা প্লাস্টিকের কৌটা থেকে উল্লিখিত অতি উচ্চমাত্রার মাদক জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি, উদ্ধার হওয়া ক্রিস্টাল মেথ আইস অত্যন্ত উচ্চমাত্রার ও ভয়ংকর মাদক। দেশে সীমিত পরিসরে এ মাদক উদ্ধার হলেও কুড়িগ্রাম জেলায় এই প্রথমবারের মতো এটি উদ্ধার হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মিজ জান্নাতুল ফিরদৌস।
এসআই মিজ জান্নাতুল ফিরদৌস বলেন, মাদকের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। এজন্য তিনি স্থানীয়দের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।