শিসুর মজার কাণ্ড-৫,পর্ব-১৭

  • এস এম আজাদ হোসেন
  • ২০২৬-০৭-০২ ১২:৫৬:১৮
image

শামুকের বাড়ি এত ভারী কেন?

আজ সকালে বৃষ্টি থেমেছে।
ঘাসের ডগায় ছোট ছোট পানির ফোঁটা ঝিলমিল করছে।
আমি উড়তে উড়তে হঠাৎ দেখি,একটি শামুক ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে।

আমি অবাক হয়ে বললাম,
-আরে শামুক ভাই! তোমার পিঠে এত বড় বাড়ি! এত ভারী বাড়ি নিয়ে হাঁটতে কষ্ট হয় না?

শামুক মিষ্টি করে হেসে বলল,
- কষ্ট তো হয়, কিন্তু এই বাড়িটাই আমাকে রক্ষা করে।

ঠিক তখন রাহি আর অরণও সেখানে এসে দাঁড়াল।
রাহি জিজ্ঞেস করল,
-তুমি কি সব সময় এই বাড়িটা সঙ্গে নিয়ে ঘুরো?

শামুক মাথা নেড়ে বলল,
- হ্যাঁ। রোদ খুব বেশি হলে,বৃষ্টি নামলে বা কোনো শত্রু এলে আমি এই খোলসের ভেতর ঢুকে নিরাপদে থাকি।

আমি হেসে বললাম,
-আমি হলে এত ভারী বাড়ি কখনোই বয়ে বেড়াতাম না!

বটদাদু মৃদু হেসে বললেন,
-শিসু, প্রত্যেক প্রাণীর জীবন আলাদা। তোমার শক্তি ডানা, আর শামুকের শক্তি তার খোলস।

অরণ বলল,
-তাহলে এই খোলস শুধু বাড়ি নয়,ঢালও?
-একদম ঠিক,বললেন বটদাদু।

আমি একটু ভেবে বললাম,
- বুঝেছি! যার যা দরকার, প্রকৃতি তাকে সেটাই উপহার দেয়।
বটদাদু হাসলেন।
-আর সেই কারণেই প্রকৃতির প্রতিটি প্রাণীই বিশেষ।

আমি শামুককে বললাম,
-আচ্ছা, তোমার বাড়ি ভারী হলেও,তুমি কিন্তু খুব সাহসী!

শামুক লজ্জা পেয়ে ধীরে ধীরে ঘাসের আড়ালে চলে গেল।

আজকের বিজ্ঞান তথ্যঃ
শামুকের পিঠের শক্ত খোলস 'ক্যালসিয়াম দিয়ে তৈরি'। এই খোলস তাকে শত্রুর আক্রমণ,রোদ ও শুষ্ক আবহাওয়া থেকে রক্ষা করে।

শিসুর ছোট্ট শিক্ষাঃ
'অন্যকে দেখে হাসার আগে তার জীবনের প্রয়োজনটা বোঝার চেষ্টা করো। প্রত্যেকের শক্তি আলাদা।'

আজকের সবুজ কাজঃ
বাগানে বা মাঠে শামুক দেখলে তাকে অকারণে বিরক্ত করো না। প্রকৃতির প্রতিটি প্রাণীরই পরিবেশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

আজকের প্রশ্নঃ
তুমি যদি কোনো প্রাণীর একটি বিশেষ ক্ষমতা পেতে,তাহলে কোন প্রাণীর ক্ষমতা নিতে চাইতে? আর কেন?

মন্তব্যে তোমার উত্তর লিখে জানাও।
-তোমাদের বন্ধু শিসু