যানজট কমাতে রিং রোড ও নৌপথ উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৭-০১ ২০:৫১:১১
image

রাজধানীর দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে বৃত্তাকার সড়ক ও নৌপথকে সমন্বিতভাবে কাজে লাগানোর উদ্যোগ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে ঢাকার অভ্যন্তরীণ রিং রোড নির্মাণের অগ্রগতি এবং রাজধানী ঘিরে নদীপথকে কার্যকর পরিবহন নেটওয়ার্কে রূপ দেওয়ার পরিকল্পনা তুলে ধরা হয়।
বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সড়ক ব্যবস্থাপনা-সংক্রান্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব হাসান শিপলু জানান, রাজধানীর যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোড প্রকল্পের কার্যকারিতা ও সম্ভাব্য সুফল বৈঠকে বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়েছে। একই সঙ্গে প্রকল্পের বর্তমান অগ্রগতিও প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।
বৈঠকে জানানো হয়,গাবতলী থেকে বাবুবাজার এবং পোস্তগোলা থেকে ডেমরা পর্যন্ত বিস্তৃত ১২ কিলোমিটার দীর্ঘ ইনার সার্কুলার রিং রোডের রায়েরবাজার, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর অংশে নির্মাণকাজ চলছে। এ পর্যন্ত প্রকল্পের প্রায় ৪৫ শতাংশ কাজ শেষ হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, রিং রোডটি চালু হলে ঢাকা-সিলেট, ঢাকা-মাওয়া ও ঢাকা-চট্টগ্রামগামী যানবাহনের বড় অংশকে রাজধানীর অভ্যন্তরীণ সড়ক ব্যবহার করতে হবে না। এতে নগরীর প্রধান সড়কগুলোতে যানবাহনের চাপ কমবে এবং যানজটও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
বৈঠকে রাজধানী ঘিরে প্রায় ১১০ কিলোমিটার নদীপথকে নিয়মিত যাত্রী পরিবহনের আওতায় আনার পরিকল্পনাও তুলে ধরা হয়। এ উদ্যোগ বাস্তবায়িত হলে নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সহজে নৌপথে যাতায়াতের সুযোগ তৈরি হবে, ফলে সড়কের ওপর নির্ভরশীলতাও কমবে।
বিশেষজ্ঞরা বৈঠকে জানান, বৈদ্যুতিকচালিত নৌযান ব্যবহার করা হলে এটি হবে পরিবেশবান্ধব, জ্বালানিসাশ্রয়ী এবং সময় সাশ্রয়ী একটি পরিবহন ব্যবস্থা। পাশাপাশি নগরীর দূষণ কমাতেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।
বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান, সড়ক পরিবহন সচিব জিয়াউল হক, নৌপরিবহন সচিব মো. জাকারিয়া, রেলপথ সচিব ফাহমিদুল ইসলাম, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মুহিদুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী জহিরুল ইসলাম, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. বোরহান উদ্দিন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খান মাহমুদ আমানত ও অধ্যাপক মো. হাদিউজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিং রোড, যানজট, নৌপথ