বটিয়াঘাটায় লোকজ ও কৃষক সংগঠনের উদ্যোগে স্থানীয় জাতের আমন ধানবীজ বিতরণ

  • পলাশ দাশ
  • ২০২৬-০৭-০১ ১৫:৫৫:৫৫
image

উপকূলীয় অঞ্চলে জলবায়ু-সহনশীল কৃষি, দেশীয় ধান বীজ সংরক্ষণ এবং কৃষকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে লোকজ ও গঙ্গারামপুর কৃষক সংগঠনের-এর উদ্যোগে আজ ১ জুলাই ২০২৬ বটিয়াঘাটা উপজেলার গাঙ্গারামপুর দুর্গামন্দির চত্বরে ‘আমন ধান বীজ বিতরণ-২০২৬’ শীর্ষক একটি বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির আওতায় উপজেলার ৬টি ইউনিয়নের ১২টি গ্রামের মোট ৩২ জন কৃষকের মধ্যে ৩৮টি স্থানীয় আমন ধানের জাতের সর্বমোট ৭০ কেজি বীজ বিতরণ করা হয়।
গঙ্গারামপুর কৃষক সংগঠনের আয়োজনে বিতরণকৃত উল্লেখযোগ্য স্থানীয় জাতগুলোর মধ্যে রয়েছে রানীস্যালট, বেনাপোল, ঘুনশী, লোকজ, আরুণি, বাঁশফুল বালাম, আশফল, মরিচশাইল, কুমড়াগোড়, রুপেশ্বর, যাযিনীমোটা, মোতা, মন্তেশ্বর, কলমীলতা ও আলোসহ আরও বিভিন্ন দেশীয় জাত। এসময় উপস্থিত ছিলেন লোকজ-এর সমন্বয়কারী পলাশ দাশ, কর্মসূচি কর্মকর্তা মিলন কান্তি ম-ল, দিপংকর কবিরাজ, গঙ্গারামপুর কৃষক সংগঠনের সভাপতি বিষ্ণুপদ রায় ও সাধারণ সম্পাদক আরুনি সরকার, নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে কৃষি উৎপাদন ক্রমেই চ্যালেঞ্জের মুখে পড়ছে। এ পরিস্থিতিতে স্থানীয়ভাবে অভিযোজিত দেশীয় ধান বীজ সংরক্ষণ, বিনিময় ও সম্প্রসারণ কৃষকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষি জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
লোকজ দীর্ঘদিন ধরে কৃষক-নেতৃত্বাধীন কৃষি উন্নয়ন, দেশীয় বীজ সংরক্ষণ, জলবায়ু অভিযোজন এবং টেকসই কৃষি ব্যবস্থার প্রসারে কাজ করে আসছে। এই ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে প্রতিবছর স্থানীয় কৃষকদের মাঝে দেশীয় বীজ সংগ্রহ, সংরক্ষণ, বিনিময় ও বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।