স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, নির্দেশনা

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-০৭-০১ ০০:১৫:৩৯
image
মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৪টার দিকে কেরাণীগঞ্জ মডেল থানার ঘাটারচরে অবস্থিত স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কার্যালয় পরিদর্শন করেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। গত ২৯ জুন স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের মালিকপক্ষ ও পরিবহন শ্রমিকদের মধ্যে সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে তিনি উভয় পক্ষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানান পুলিশ সুপার। মতবিনিময় শেষে উভয় পক্ষ পুলিশ সুপারের নির্দেশনা মেনে চলার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয়। এ সময় পুলিশ সুপার সতর্ক করে বলেন, ঘটনাকে কেন্দ্র করে কোনো সুযোগসন্ধানী তৃতীয় পক্ষ যেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। পরিদর্শন শেষে পুলিশ সুপার সাম্প্রতিক ঘটনায় আহত কেরাণীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল কুদ্দুসসহ অন্যান্য আহত পুলিশ সদস্যদের শারীরিক অবস্থারও খোঁজখবর নেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ঢাকা জেলা পুলিশ।