রাজধানীর ১৯ মোড়ে এআই ক্যামেরা,দেড় হাজার ডিজিটাল মামলা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৬-৩০ ১৪:০৮:০৪
image

রাজধানীতে ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও প্রযুক্তিনির্ভর করতে ১৯টি গুরুত্বপূর্ণ মোড়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরা চালু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে ডিজিটাল পদ্ধতিতে মামলা করা হচ্ছে। এখন পর্যন্ত এই ব্যবস্থায় প্রায় দেড় হাজার মামলা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
মঙ্গলবার সংসদ ভবন ও জিয়া উদ্যানসংলগ্ন লেক রোডে নতুন এআই ক্যামেরাভিত্তিক ট্রাফিক মনিটরিং ও ডিজিটাল মামলা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
ডিএমপি কমিশনার বলেন, রাজধানীতে আগে ১৫টি গুরুত্বপূর্ণ মোড়ে এআই ক্যামেরা চালু ছিল। নতুন করে আরও চারটি মোড়ে এ প্রযুক্তি যুক্ত হওয়ায় বর্তমানে মোট ১৯টি ইন্টারসেকশনে এআই ক্যামেরা কার্যকর রয়েছে। পর্যায়ক্রমে নগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ মোড়েও এ ব্যবস্থা সম্প্রসারণ করা হবে।
তিনি জানান, সড়কে গাড়ি থামিয়ে মামলা করার পরিবর্তে প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ পদ্ধতিতে আইন প্রয়োগের লক্ষ্যেই এ ব্যবস্থা চালু করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ক্যামেরাগুলো সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী বিভিন্ন ধরনের ট্রাফিক অপরাধ শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে মামলা নিবন্ধন করছে।
ডিএমপি সূত্র জানায়, গত ২৯ এপ্রিল এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর ৩ মে গণবিজ্ঞপ্তির মাধ্যমে চালক ও যানবাহনের মালিকদের সতর্ক করা হয়। পরীক্ষামূলক কার্যক্রম শেষে ৭ মে থেকে নির্ধারিত পয়েন্টগুলোতে পূর্ণাঙ্গভাবে ডিজিটাল মামলা কার্যক্রম শুরু হয়।
কমিশনার বলেন, নতুন প্রযুক্তি চালুর পর প্রায় দুই মাসে দেড় হাজার মামলা হয়েছে। এসব মামলার কপি বর্তমানে ডাকযোগে সংশ্লিষ্ট যানবাহনের মালিকের ঠিকানায় পাঠানো হচ্ছে।
তবে গাড়ির মালিকানা পরিবর্তনের কারণে অনেক ক্ষেত্রে মামলার নোটিশ আগের মালিকের কাছে পৌঁছে যাচ্ছে বলে জানান তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে প্রায় ৩৮ হাজার সমন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে এবং এ সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।
ব্যাটারিচালিত অটোরিকশা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মোসলেহ উদ্দিন আহমদ বলেন, শুধু ডিএমপির পক্ষে এসব যানবাহন সড়ক থেকে সরানো সম্ভব নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অন্যান্য অংশীজনের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।
তিনি আরও বলেন, রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও দুর্ঘটনাপ্রবণ এলাকায় এআই ক্যামেরা স্থাপনের ফলে ট্রাফিক ব্যবস্থাপনায় দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন এসেছে। চালকদের মধ্যে লেন শৃঙ্খলা মেনে চলা এবং ট্রাফিক সংকেত অনুসরণের প্রবণতা বেড়েছে।
লেক রোডে চালু হওয়া নতুন ব্যবস্থার বিষয়ে ডিএমপি কমিশনার জানান, নির্ধারিত গতিসীমা অতিক্রম, ঝুঁকিপূর্ণভাবে লেন পরিবর্তন, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, অবৈধ পার্কিং এবং যান চলাচলে বাধা সৃষ্টি--এসব অপরাধ এআই ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করবে। পরে ডিজিটাল পদ্ধতিতে মামলা নিবন্ধন হবে এবং আইনানুগ প্রক্রিয়ায় তা নিষ্পত্তি করা হবে।

এআই ক্যামেরা, ডিএমপি, ট্রাফিক মামলা