অ রু ণি মা চ্যা টা র্জী

  • হনন
  • ২০২৬-০৬-২৯ ১০:১৭:০৪
image

এ নিষিদ্ধ বদ্ধভূমিতে তুমি
পা রাখবে না।
এই জনাকীর্ণ, নির্জন অন্ধকার শহর
তোমার নয়!

এখানে সূর্যকে পশ্চিমে রেখে
অন্ধকার চড়ুইভাতিতে মজে।
এখানে প্রাতিষ্ঠানিক জঙ্গল ছেড়ে
দক্ষিণরায়রা অবাধ বিচরণ করে।
বনবিবীর এখানে আসা মানা।

ওই যে অদূরে সাঁকো-দোলনাটা দেখছ!
কেমন অবলীলায় পার হয়ে যায় আমজনতা!
ওদের কোনো আকার নেই,
প্রকার নেই, বিকারও নেই !
মাটির মানুষ ওরা।

আস্ত একটা শ্রাবণ
মাটিতেই ভস্মীভূত করে ওদের।
বৈকুণ্ঠে যাওয়ার তিতিক্ষায়
সাঁকোটা তুমি ভেঙে ফেলতেই পারো।
অনতি দূরে বৈতরণীর ঘাট।
সেখানে ময়ূরপঙ্খী নৌকা সাজিয়ে
সুজন মাঝি তোমার প্রতীক্ষায় !

তবু যদি ভুল করে এসেই পড়ো !
নাম জিজ্ঞেস করবে না কারও।
এখানে মুখগুলো প্রতিদিন
নতুন শিরোনামে ছাপা হয়,
আর রাত গভীর হলে,
এক এক করে মুছে যায় সব পরিচয়।
শুধু রক্তের গন্ধটুকু
ভোরের শিশির ভেবে !
পায়ে মেখে চলে যায় মানুষ।