সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও দুর্ঘটনা কমানোর লক্ষ্যে মোটরযান চালকদের জন্য ড্রাইভিং লাইসেন্সে পয়েন্ট কর্তনের ব্যবস্থা কার্যকর করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
সংস্থাটির এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী প্রতিটি ড্রাইভিং লাইসেন্সে মোট ১২টি পয়েন্ট নির্ধারিত রয়েছে। কোনো চালক ট্রাফিক আইন বা সড়ক পরিবহন বিধিমালা লঙ্ঘন করলে অর্থদণ্ড কিংবা কারাদণ্ডের পাশাপাশি লাইসেন্স থেকে নির্ধারিত দোষসূচক পয়েন্টও কেটে নেওয়া হবে।
বিআরটিএ জানিয়েছে, এ কার্যক্রম পরিচালনায় ‘রোড সেফটি পেনাল্টি সিস্টেম’ (আরএসপিএস) নামে একটি ডিজিটাল অ্যাপ ব্যবহার করা হচ্ছে। ট্রাফিক আইন ভঙ্গের ঘটনা শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট চালকের ড্রাইভিং লাইসেন্স থেকে স্বয়ংক্রিয়ভাবে পয়েন্ট কর্তনের প্রক্রিয়া সম্পন্ন হবে।
সংস্থাটি বলছে, সড়ক দুর্ঘটনা হ্রাস, আইন মেনে যানবাহন পরিচালনা নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এ ব্যবস্থা চালু করা হয়েছে।
এ অবস্থায় দেশের সব মোটরযান চালককে সড়ক পরিবহন আইন ও ট্রাফিক বিধিমালা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে বিআরটিএ।
বিআরটিএ, ড্রাইভিং লাইসেন্স, ট্রাফিক আইন