হরমুজে হামলার জেরে ফের মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান,বাড়ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৬-২৭ ১১:৩১:৫৬
image

হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে সামরিক উত্তেজনায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় লক্ষ্যভিত্তিক হামলা চালানোর পর পাল্টা পদক্ষেপের দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এতে সম্প্রতি হওয়া যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে সিঙ্গাপুরের পতাকাবাহী মালবাহী জাহাজ 'এমভি এভার লাভলি'তে ড্রোন হামলার জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণ কেন্দ্র এবং উপকূলীয় রাডার স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে।
ওয়াশিংটনের দাবি, ইরানের ওই হামলা আন্তর্জাতিক নৌ-চলাচলের স্বাধীনতা এবং সম্প্রতি স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির পরিপন্থী। তবে তেহরান এ অভিযোগ প্রত্যাখ্যান করে উল্টো যুক্তরাষ্ট্রকেই যুদ্ধবিরতি ভঙ্গের জন্য দায়ী করেছে।
আইআরজিসি এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র একতরফাভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এর প্রতিক্রিয়ায় ইরানের নৌবাহিনী ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন বাহিনীর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের সামরিক পদক্ষেপ অব্যাহত থাকলে আরও কঠোর জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেছে সংস্থাটি।
এদিকে সেন্টকমের হামলার ঘোষণার পর দক্ষিণ ইরানের সিরিক বন্দরের ডক এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যায়। স্থানীয় সামরিক সূত্রের বরাতে জানা গেছে, শুক্রবার রাত প্রায় ১১টা ১৫ মিনিটে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে সেখানে বিস্ফোরণ ঘটে।
সাম্প্রতিক এই ঘটনার পর গত ১৭ জুন স্বাক্ষরিত যুদ্ধবিরতি কার্যকর থাকবে কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুললেও মার্কিন কর্মকর্তারা দাবি করছেন, যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে। তবে সাম্প্রতিক সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালিকে ঘিরে উদ্বেগও বেড়েছে। সাম্প্রতিক হামলার পর আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা সংশ্লিষ্ট সংস্থাগুলো।
এর আগে নিরাপত্তা ঝুঁকির কারণে নাবিকদের সরিয়ে নেওয়ার আন্তর্জাতিক উদ্যোগ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। এরই মধ্যে ওমান হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতায় একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালুর ঘোষণা দিয়েছে। দেশটির ভাষ্য, বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং সমন্বিত ব্যবস্থার মাধ্যমে বাণিজ্যিক জাহাজগুলো এ করিডোর ব্যবহার করতে পারবে।

হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্র-ইরান, মধ্যপ্রাচ্য