গোলশূন্য ড্রতেই শেষ ৩২-এ অস্ট্রেলিয়া,আশা বাঁচিয়ে রাখল প্যারাগুয়ে

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০৬-২৬ ২৩:৪২:৩৩
image

প্যারাগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করেই বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে প্রয়োজনীয় এক পয়েন্ট তুলে নিয়ে রানার্সআপ হিসেবে শেষ ৩২-এ ওঠে সকারুজরা।
নর্দান ক্যালিফোর্নিয়ার লেভাইস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুই দলই বেশ কয়েকটি আক্রমণ গড়লেও কোনো দলই জালের দেখা পায়নি। পুরো ম্যাচজুড়ে অস্ট্রেলিয়া ছিল আত্মবিশ্বাসী এবং নকআউট নিশ্চিত করার লক্ষ্যে পরিকল্পিত ফুটবল খেলেছে।
বিশ্বকাপে এটি অস্ট্রেলিয়ার সপ্তম অংশগ্রহণ। এর মধ্যে তৃতীয়বারের মতো তারা নকআউট পর্বে জায়গা করে নেওয়ার সাফল্য অর্জন করল।
গ্রুপ পর্বে প্রথম ম্যাচে তুরস্ককে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হেরে কিছুটা চাপে পড়লেও শেষ ম্যাচে ড্র করে প্রয়োজনীয় চার পয়েন্ট সংগ্রহ করে পরবর্তী পর্ব নিশ্চিত করে।
অন্যদিকে সমান চার পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে তৃতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে প্যারাগুয়ে। তবে সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটি হিসেবে তাদের নকআউটে ওঠার সম্ভাবনা এখনও টিকে রয়েছে।
এই গ্রুপ থেকে সাত পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করে আগেই শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র।

অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, বিশ্বকাপ