আশুরার শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে সাহস জোগায়: রাষ্ট্রপতি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৬-২৬ ১১:০৯:৪৬
image

পবিত্র আশুরার চেতনা মানুষকে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে এবং অন্যায়-অবিচার ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রেরণা দেয় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, আশুরার শাশ্বত শিক্ষা মানবতাকে সত্য, সৌন্দর্য ও আলোর পথে পরিচালিত করে। ইসলামের আদর্শ ব্যক্তি ও সমাজকে ন্যায়, আত্মশুদ্ধি, ত্যাগ এবং শান্তির পথে এগিয়ে নিতে উদ্বুদ্ধ করে।
রাষ্ট্রপ্রধান বলেন, মুসলিম উম্মাহর জন্য আশুরা গভীর তাৎপর্যপূর্ণ ও শোকাবহ একটি দিন। ইসলামের ইতিহাসে এ দিনের সঙ্গে বহু গুরুত্বপূর্ণ ঘটনার স্মৃতি জড়িয়ে থাকলেও কারবালার প্রান্তরে হজরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর সঙ্গীদের আত্মত্যাগ আশুরাকে বিশেষ মর্যাদা দিয়েছে।
তিনি বলেন, সত্য ও ন্যায় প্রতিষ্ঠা এবং ইসলামের মহান আদর্শ সমুন্নত রাখতে কারবালার শহিদদের আত্মদান মানবজাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আত্মত্যাগের শিক্ষা যুগে যুগে মানুষকে নৈতিক সাহস ও আদর্শিক দৃঢ়তার অনুপ্রেরণা জোগাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
বাণীতে রাষ্ট্রপতি সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.), তাঁর পরিবারের সদস্য এবং কারবালায় শাহাদাতবরণকারী সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক জানান।
তিনি আরও বলেন, ইসলাম শান্তি, কল্যাণ ও মানবতার ধর্ম। এ ধর্ম মানুষকে হিংসা, বিদ্বেষ, বিভেদ ও সংঘাত থেকে দূরে রেখে সম্প্রীতি, সৌহার্দ্য ও ন্যায়বিচারের সমাজ গঠনের শিক্ষা দেয়।
পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি দেশ ও জাতির জন্য সাম্য, মানবিকতা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি এবং অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

পবিত্র আশুরা, রাষ্ট্রপতি, কারবালা