পবিত্র আশুরা আজ,কারবালার আত্মত্যাগে শোক ও অনুপ্রেরণায় মুসলিম বিশ্ব

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৬-০৬-২৬ ১০:৩৪:৪৮
image

আজ পবিত্র আশুরা। হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের ১০ তারিখ উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিমরা দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্য, শোক এবং ইবাদতের মধ্য দিয়ে পালন করছেন। ইসলামের ইতিহাসে নানা তাৎপর্য বহনকারী এ দিনটি বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে কারবালার বেদনাবিধুর ঘটনার জন্য।
৬১ হিজরির ১০ মহররম, খ্রিস্টীয় ৬৮০ সালে ইরাকের কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবার ও সঙ্গীরা সত্য, ন্যায় ও ইসলামের আদর্শ রক্ষার সংগ্রামে ইয়াজিদের বাহিনীর বিরুদ্ধে অবিচল অবস্থান নিয়ে শাহাদাত বরণ করেন। মানবিক মর্যাদা, ন্যায়বিচার ও সত্য প্রতিষ্ঠায় তাঁদের এই আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছে।
পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। তাঁরা আশুরার চেতনা থেকে শিক্ষা নিয়ে ন্যায়, মানবিকতা, শান্তি ও সম্প্রীতির ভিত্তিতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
দিবসটি উপলক্ষে দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে আশুরার তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় আলোচনা, কোরআনখানি, মিলাদ, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। শিয়া সম্প্রদায় শোকাবহ পরিবেশে তাজিয়া মিছিল, শোকসভা ও অন্যান্য ধর্মীয় কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করছে।
এসব কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
তিনি জানান, তাজিয়া মিছিলে ১২ ফুটের বেশি উঁচু নিশান বহন করা যাবে না। একই সঙ্গে ধারালো অস্ত্র, দাহ্য পদার্থ, লাঠি, ব্যাগ, সুটকেস কিংবা সন্দেহজনক কোনো বস্তু নিয়ে মিছিলে অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। উচ্চ শব্দের যন্ত্র, ঢাক-ঢোল, আতশবাজি ও পটকা ব্যবহার থেকেও বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
ডিএমপি কমিশনার আরও জানান, শুক্রবার সকাল ১০টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত এলাকায় যান চলাচলে পরিবর্তন থাকবে। এ সময় যানজট এড়াতে এবং শোকযাত্রা নির্বিঘ্ন রাখতে রাজধানীবাসীকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
অন্যদিকে পবিত্র আশুরা উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ বারান্দায় ‘আশুরার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা মো. মহিউদ্দিন। বিশেষ আলোচক ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ।
ইসলামি চিন্তাবিদরা মনে করেন, কারবালার ঘটনা শুধু ইতিহাসের একটি শোকাবহ অধ্যায় নয়; এটি অন্যায়, জুলুম ও অবিচারের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পক্ষে অটল থাকার এক অনন্য শিক্ষা। যুগে যুগে আশুরার এই চেতনা মানবতার পক্ষে সংগ্রাম এবং নৈতিক সাহসের উৎস হিসেবে মানুষকে অনুপ্রাণিত করে আসছে।

পবিত্র আশুরা, কারবালা, ইমাম হোসাইন