সাতক্ষীরায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

  • এস এম মহিদার রহমান,
  • ২০২৬-০৬-২৫ ২০:৪৬:২৬
image

সাতক্ষীরা : সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সার্টিফিকেট প্রদানের মধ্য দিয়ে শেষ হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে গত ২৩ জুন (মঙ্গলবার) এই প্রশিক্ষণ শুরু হয়। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘর মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
পিআইবি’র প্রশিক্ষক সাহানোয়ার সাঈদ শাহীনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ, প্রশিক্ষক জুলহাস কবীর প্রমুখ।
প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক এসময় বলেন, বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। প্রযুক্তির এই উৎকর্ষের সময়ে সাংবাদিকদের কাজের পরিধি ও চ্যালেঞ্জ দুই-ই বেড়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য ও গুজব প্রতিরোধে ফ্যাক্ট চেকিংয়ের কোনো বিকল্প নেই। বস্তুনিষ্ঠ সাহসী সাহসী সাংবাদিকতার মাধ্যমে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই প্রশিক্ষণ সাতক্ষীরার সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আরও বেশি সমৃদ্ধ করবে। তিনি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন এবং জনস্বার্থে তা প্রচারের আহ্বান জানিয়ে সাংবাদিকদের আধুনিক প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের ওপর জোর দেন।
প্রশিক্ষক সাঈদ শাহীন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং মাল্টিমিডিয়া এখন বিশ্বজুড়ে সাংবাদিকতার ধরন বদলে দিচ্ছে। আমাদের দেশের মফস্বল পর্যায়ের সাংবাদিকেরাও যাতে এই বৈশ্বিক দৌড়ে পিছিয়ে না পড়েন, সেই লক্ষ্যেই এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন। অপতথ্য শনাক্ত করার কৌশল ও আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে মাঠপর্যায়ের সাংবাদিকতা আরও গতিশীল হবে বলে আমরা বিশ্বাস করি। অপতথ্য ও গুজব প্রতিরোধে ফ্যাক্ট চেকিং বা তথ্যের সত্যতা যাচাইয়ের কোনো বিকল্প নেই। এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় সাংবাদিকেরা আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে পেরেছেন, যা তাঁদের পেশাগত দক্ষতা আরও বৃদ্ধি করবে। 
সাতক্ষীরা প্রেসক্লাব ও জেলার বিভিন্ন উপজেলার মোট ৭০ জন সাংবাদিক দুটি সেশনে এই কর্মশালায় অংশ নেন। তিন দিনব্যাপী এই কর্মশালায় সাংবাদিকদের আধুনিক সাংবাদিকতার বিভিন্ন কৌশলের ওপর বাস্তববমুখী ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন।