মহেশখালী (কক্সবাজার)
মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” শীর্ষক কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরের উপকারভোগীদের মাঝে শিক্ষা বৃত্তি, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে স্থানীয় শিক্ষার্থী,নারী ও সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের মাঝে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কক্সবাজার-২,মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
তিনি বলেন,বর্তমান সরকার দেশের প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা, নারীর ক্ষমতায়ন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি আরও বলেন, উপকূলীয় ও বিশেষ এলাকার জনগণের জীবনমান উন্নয়নে এ ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মহেশখালী উপজেলার সহকারী কমিশনার ( ভূমি )মোঃ আবু জাফর মজুমদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন- মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম।
তিনি তাঁর বক্তব্যে বলেন,সরকারের সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন সহায়তা কর্মসূচির সুফল
এখন তৃণমূল পর্যায়ে পৌঁছে যাচ্ছে।
শিক্ষা বৃত্তি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে এবং সেলাই মেশিন নারীদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে।
পাশাপাশি বাইসাইকেল শিক্ষার্থীদের যাতায়াত সহজ করে শিক্ষা কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের উপকারভোগী শিক্ষার্থী, নারী ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন। এ সময় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে উপকারভোগীদের হাতে শিক্ষাবৃত্তির চেক,সেলাই মেশিন ও বাইসাইকেল তুলে
দেন অতিথিরা।
সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।