যে বীজটি আমি ভুলে গিয়েছিলাম
আজ সকালে হাঁটতে হাঁটতে উঠোনের কোণায় হঠাৎ একটি ছোট্ট চারার দিকে আমার চোখ পড়ল।
আমি অবাক হয়ে গেলাম।
চারাটি আগে কখনো দেখিনি!
সবুজ দুটি পাতা নিয়ে সে মাটির বুক চিরে দাঁড়িয়ে আছে।
আমি দৌড়ে অরণকে ডাকলাম।
-অরণ! দেখো তো,এই চারাটি কোথা থেকে এলো?
অরণ কিছুক্ষণ চারাটির দিকে তাকিয়ে রইল।
তারপর বলল,
-হয়তো কোনো পাখি বীজ ফেলেছিল।
আমি মাথা নেড়ে বললাম,
-না,ব্যাপারটা অন্যরকম মনে হচ্ছে।
ঠিক তখন আমার মনে পড়ল একটি ঘটনা।
কয়েক মাস আগে আমি একটি ফল খেয়েছিলাম।
ফলের একটি বীজ কৌতূহলবশত মাটিতে পুঁতে রেখেছিলাম।
কিন্তু তারপর খেলাধুলা,স্কুল আর নানা ব্যস্ততায় আমি সেটির কথা একেবারে ভুলে গিয়েছিলাম।
আমি বিস্ময়ে বললাম,
-আরে! এটা কি সেই বীজ?
বটদাদু শুনে মৃদু হেসে বললেন,
-হ্যাঁ রাহি, অনেক সময় প্রকৃতি চুপচাপ নিজের কাজ করে যায়।
তুমি ভুলে গিয়েছিলে,কিন্তু বীজটি ভুলে যায়নি।
সে মাটির নিচে ধৈর্য ধরে অপেক্ষা করেছে।
বৃষ্টি পেয়েছে।
সূর্যের আলো পেয়েছে।
তারপর একদিন ছোট্ট চারা হয়ে পৃথিবীর আলো দেখেছে।
আমি চারাটির পাশে বসে রইলাম।
মনে হলো, সে যেন আমাকে বলছে-
'আমি এসেছি,আমাকে বড় হতে সাহায্য করবে তো?'
আমি আলতো করে চারাটির গোড়ায় একটু পানি দিলাম।
আর মনে মনে প্রতিজ্ঞা করলাম,এবার তাকে আর ভুলে যাব না।
রাহির ছোট্ট উপলব্ধিঃ
ভালো কাজের ফল অনেক সময় সঙ্গে সঙ্গে দেখা যায় না।
কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করলে একদিন তার সুন্দর ফল পাওয়া যায়।
আজকের সবুজ কাজঃ
একটি বীজ মাটিতে পুঁতে রাখো।
তারপর প্রতিদিন একটু যত্ন নাও।
দেখবে,একদিন সে তোমাকে চমকে দেবে।
আজকের প্রশ্নঃ
তুমি কি কখনো কোনো বীজ লাগিয়েছ?
সেটি কী গাছ ছিল?
-রাহি