ভিনিসিয়াসের জোড়া গোলে স্কটল্যান্ড উড়িয়ে নকআউটে ব্রাজিল

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০৬-২৫ ১২:০৩:১০
image

দুর্দান্ত ছন্দে থাকা ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। ‘সি’ গ্রুপের শীর্ষস্থান ধরে রেখে শেষ ৩২-এ জায়গা করে নেওয়া সেলেসাওদের হয়ে আরেকটি গোল করেন মাথিয়াস কুনহা।
মিয়ামিতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য দেখায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের সপ্তম মিনিটেই স্কটল্যান্ডের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে ব্রাজিলকে এগিয়ে দেন ভিনিসিয়াস। নিজেদের বক্সে বল ধরে রাখতে গিয়ে স্কট ম্যাককেনির ভুলে বল হারায় স্কটল্যান্ড। সেই সুযোগ কাজে লাগিয়ে রায়ানের পাস থেকে গোলরক্ষককে কাটিয়ে জালে বল পাঠান রিয়াল মাদ্রিদের এই তারকা।
প্রথমার্ধের মাঝামাঝি সময়ে আরেকবার স্কটিশ জালে বল জড়ালেও ভিডিও সহায়তায় তা বাতিল হয়। তবে বিরতির আগে আর ভুল করেননি ভিনিসিয়াস। যোগ করা সময়ে ব্রুনো গিমারায়েসের ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় ও দলের ব্যবধান দ্বিগুণ করা গোলটি করেন তিনি।
বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে ব্রাজিল। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে গিমারায়েসের আরেকটি নিখুঁত পাস থেকে কুনহা তৃতীয় গোলটি করে স্কটল্যান্ডের প্রত্যাবর্তনের সম্ভাবনা পুরোপুরি শেষ করে দেন।
ম্যাচের ৭৬ মিনিটে কুনহার বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। দীর্ঘ প্রায় আড়াই বছর পর ব্রাজিলের জার্সিতে মাঠে নামা এই তারকাকে উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানান দর্শকরা। ২০২৩ সালের অক্টোবরের পর এটিই ছিল জাতীয় দলে তার প্রথম উপস্থিতি।
গ্রুপ পর্বে টানা তিন ম্যাচেই গোল করে নতুন কীর্তি গড়েছেন ভিনিসিয়াস। মরক্কোর বিপক্ষে এক গোল ও হাইতির বিপক্ষে এক গোলের পর স্কটল্যান্ডের জালে দুইবার বল পাঠিয়ে তিনি মোট চার গোল নিয়ে প্রতিযোগিতার অন্যতম সফল গোলদাতার তালিকায় উঠে এসেছেন। ২০০২ বিশ্বকাপে রোনালদো ও রিভালদোর পর প্রথম ব্রাজিলিয়ান হিসেবে গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে গোল করার নজিরও গড়েন তিনি।
চার গোল নিয়ে তিনি এখন গোল্ডেন বুটের লড়াইয়ে রয়েছেন। এই তালিকায় তার সামনে আছেন পাঁচ গোল করা লিওনেল মেসি। সমান চার গোল রয়েছে আর্লিং হালান্ড ও কিলিয়ান এমবাপ্পের।
গ্রুপ পর্ব শেষে সাত পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে নকআউটে উঠেছে ব্রাজিল। সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থান নিয়ে পরবর্তী পর্বে জায়গা করে নিয়েছে মরক্কো, যারা হাইতিকে ৪-২ গোলে হারিয়েছে। তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে স্কটল্যান্ড।
আগামী ২৯ জুন হিউস্টোনে শেষ ৩২-এর ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। সেখানে তাদের প্রতিপক্ষ হবে ‘এফ’ গ্রুপের রানার্সআপ দল। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন।
স্কটল্যান্ডের জন্য এই হার আরও একটি হতাশার অধ্যায় হয়ে থাকল। বিশ্বকাপের ইতিহাসে এবারসহ নবমবারের মতো অংশ নিলেও দলটি এখনও পর্যন্ত কখনও গ্রুপ পর্ব অতিক্রম করতে পারেনি। অন্যদিকে স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে পাঁচ সাক্ষাতের মধ্যে এটি ছিল ব্রাজিলের চতুর্থ জয়। একমাত্র ব্যতিক্রম ১৯৭৪ সালের গোলশূন্য ড্র।

ভিনিসিয়াস, ব্রাজিল, বিশ্বকাপ