রাফাতের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

  • এস এম মহিদার রহমান,সাতক্ষীরা
  • ২০২৬-০৬-২৪ ২২:৫০:৪২
image

:সাতক্ষীরার আশাশুনি উপজেলার কমলাপুর এলাকায় একটি পোল্ট্রি ফার্মের কর্মচারী রাফাতের রহস্যজনক মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন তাঁর পরিবার, স্বজন ও এলাকাবাসী।
বুধবার (২৪ জুন) দুপুরে সাতক্ষীরা জাত পার্কের সামনে আয়োজিত মানববন্ধনে নিহত রাফাতের মা শাহানারা বেগম, চাচা আব্দুল লতিফসহ পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন রুহুল কুদ্দুস, রফিকুল ইসলাম, আজিজুল ইসলাম, আইনুল ইসলাম, নুর নাহার, শাইদা খাতুন, সুফিয়া খাতুন, ফরিদা খাতুন ও শরিফা খাতুন প্রমুখ।
বক্তারা জানান, কালীগঞ্জ উপজেলার ইউসুফপুর গ্রামের শফিকুল সরদারের ছেলে রাফাত (১৯) আশাশুনি উপজেলার শীতলপুর গ্রামের আক্তারুজ্জামানের মালিকানাধীন কমলাপুর এলাকার একটি পোল্ট্রি ফার্মে কর্মরত ছিলেন। গত ১৩ জুন রাতে তিনি ফার্মের ভেতরে ঘুমিয়ে ছিলেন। পরদিন সকালে পরিবারের সদস্যদের জানানো হয়, তিনি আত্মহত্যা করেছেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফার্মের একটি রডের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে।
রাফাতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়; তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাদের অভিযোগ, মরদেহে রক্তের দাগ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। বিশেষ করে অণ্ডকোষে আঘাত ও রক্তাক্ত অবস্থার বিষয়টি তারা হত্যার আলামত হিসেবে উল্লেখ করেন।
মানববন্ধনে শাহানারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি আমার সন্তানের হত্যার বিচার চাই। প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।”
বক্তারা অভিযোগ করেন, ঘটনার পরও পুলিশ হত্যা মামলা গ্রহণে গড়িমসি করছে। তারা অবিলম্বে হত্যা মামলা রুজু, নিরপেক্ষ তদন্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।