মহেশখালী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • গাজী মোহাম্মদ আবু তাহের,
  • ২০২৬-০৬-২৪ ১৫:৩০:৪২
image

মহেশখালী (কক্সবাজার)
দ্বীপ  উপজেলা  মহেশখালীর  সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি   স্বাভাবিক   রাখা, মাদক  ও  চোরাচালান প্রতিরোধ, কিশোর  গ্যাং  দমন   এবং    জনভোগান্তি নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুন বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত  সভায়  সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা   ইমরান  মাহমুদ  ডালিম, সভায়  উপজেলা প্রশাসন,থানা পুলিশ,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক  ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন,উপকূলীয় এই উপজেলার বিভিন্ন এলাকায়   মাদক   কারবার,   অবৈধ   বালু    উত্তোলন, চোরাচালান   ও   কিশোর   গ্যাংয়ের   তৎপরতা  রোধে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
সাম্প্রতিক সময়ে পরিচালিত মোবাইল কোর্ট ও বিশেষ অভিযানের বিষয়ও সভায় তুলে ধরা হয়।আইনশৃঙ্খলা বাহিনীর  পক্ষ  থেকে  জানানো  হয়, সাধারণ  মানুষের নিরাপত্তা   নিশ্চিত  করতে  নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
এসময়   বিভিন্ন   ইউনিয়নের   জনপ্রতিনিধিরা  সড়ক দুর্ঘটনা বৃদ্ধি,যানজট, বিদ্যুতের ঘনঘন বিভ্রাট,বাজারে দ্রব্যমূল্যের  ঊর্ধ্বগতি  এবং  কিছু  এলাকায়  অপরাধ প্রবণতা বৃদ্ধির বিষয় তুলে ধরেন।
বিশেষ  করে  ৩৩ কেভি  বিদ্যুৎ  লাইনের  ঘনঘন ত্রুটির কারণে জনদুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।   দ্রুত   স্থায়ী   সমাধানে   সংশ্লিষ্ট  কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন বক্তারা।
সভায়  মাদকবিরোধী  অভিযান আরও জোরদার করা, সরকারি হাসপাতাল ও বিভিন্ন সেবাখাতে দালালচক্রের বিরুদ্ধে   অভিযান   অব্যাহত  রাখা, যানবাহন চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়। 
এছাড়া  আসন্ন  বিভিন্ন  সামাজিক, ধর্মীয় ও জাতীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশনা দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “মহেশখালীর  সার্বিক   শান্তি-শৃঙ্খলা  বজায় রাখতে প্রশাসন সবসময় আন্তরিক।  অপরাধ    ও   অনিয়ম দমনে কাউকে ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া টেকসই আইন-শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব নয়।”
সভা শেষে উপজেলার বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে  দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।