রোনালদোর ইতিহাস,পর্তুগালের গোলবন্যায় উজবেকিস্তান বিধ্বস্ত

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০৬-২৪ ১০:০৩:১৭
image

ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ডগড়া জোড়া গোলের রাতে উজবেকিস্তানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগাল। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে এই দাপুটে জয়ে নকআউট পর্বের পথে আরও একধাপ এগিয়ে গেল সেলেসাওরা।
ম্যাচের সপ্তম মিনিটেই গোল করে ইতিহাসের পাতায় নাম লেখান রোনালদো। এই গোলের মাধ্যমে ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি গড়েন পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী তারকা। ২০০৬ সালে বিশ্বকাপ অভিষেকের পর প্রতিটি আসরেই গোলের দেখা পেয়েছেন তিনি।
শুরুর ধাক্কা সামলানোর আগেই ১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে পর্তুগাল। ডি-বক্সের বাইরে থেকে পাওয়া ফ্রি-কিকে রোনালদোকে ডামি হিসেবে ব্যবহার করে দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন নুনো মেন্দেস।
দুই গোলে পিছিয়ে পড়ে উজবেকিস্তান একবার জালের দেখা পেলেও ভিএআরের সিদ্ধান্তে গোলটি বাতিল হয়। এরপর ৩৯ মিনিটে আবারও আঘাত হানেন রোনালদো। ডি-বক্সে নিখুঁত দৌড়ে বল জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন তিনি।
এই গোলের মাধ্যমে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১০-এ উন্নীত করেন রোনালদো। একই সঙ্গে ইউসেবিওর ৯ গোলের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে পর্তুগালের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার আসনও দখল করেন তিনি।
দ্বিতীয়ার্ধে আধিপত্য ধরে রাখে পর্তুগাল। ৬০ মিনিটে ব্রুনো ফের্নান্দেসের কর্নার থেকে উজবেক ডিফেন্ডার আবদুকোদির খুসানভ আত্মঘাতী গোল করলে স্কোরলাইন দাঁড়ায় ৪-০।
বড় ব্যবধানে এগিয়ে যাওয়ার পর কোচ রবার্তো মার্তিনেস বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ দেন। তবুও আক্রমণের ধার কমেনি পর্তুগালের। ম্যাচের ৮৮ মিনিটে রাফায়েল লিয়াও গোল করে ব্যবধান ৫-০ করেন এবং পর্তুগালের বড় জয় নিশ্চিত করেন।
রোনালদো হ্যাটট্রিক থেকে বঞ্চিত হলেও জোড়া গোল ও একাধিক রেকর্ড গড়ে ম্যাচের সবচেয়ে আলোচিত তারকায় পরিণত হন। ৪১ বছর বয়সেও তার ক্ষুধা, ফিটনেস ও গোল করার সামর্থ্য বিশ্বমঞ্চে নতুন করে মুগ্ধতা ছড়িয়েছে।

রোনালদো,পর্তুগাল,বিশ্বকাপ