চট্রগ্রামঃ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, আজ সোমবার (২২ মে) দুপুর আড়াইটার দিকে এনসিটি দক্ষিণ এলাকার ৪ নম্বর বার্থে এই আগুনের সূত্রপাত হয়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং তাদের তাৎক্ষণিক ও জোরালো তৎপরতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত সচিব মো. নাসির উদ্দিন গণমাধ্যমকে জানান, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে আগুন বড় আকার ধারণ করতে পারেনি এবং বর্তমানে বন্দরের ওই এলাকার সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। আগুনে কোনো ধরনের হতাহত কিংবা বড় অঙ্কের ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি এবং বন্দরের কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম যথারীতি সচল রয়েছে।