চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে ভারত থেকে আমদানী করা পাথরবোঝাই একটি বাংলাদেশী ট্রাক থেকে ১ কোটি ৮ হাজার টাকা জব্দ মূল্যের ৩২০ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ সহ এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে বিজিবি। আটক ব্যাক্তি হলেন শিবগঞ্জের কানসাট বাজিতপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মাহফুজুর রহমান(২৩)। গত শনিবার (২০জুন) রাতে অভিযানটি চালানো হয়।
এর আগে গত ১৯ জুন একই সীমান্তে একটি পুকুরে কচুরীপানার মধ্যে লুকানো ভারত থেকে চোরাইপথে আনা ২৫ লক্ষ ৯১ হাজার টাকা মূলের ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ জব্দ করে বিজিবি। এর আগে গত ১৭ জুন শিবগঞ্জের কানসাট এলাকার একটি কুরিয়ার সার্ভিস ও সোনামসজিদ বন্দরের বিভিন্ন গোডাউন থেকে ৪৭ লক্ষ ৫২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারত থেকে চোরাচালানে আনা যানবাহনের যন্ত্রাংশ জব্দ করে পুলিশ। ওই ঘটনায় একজন গ্রেপ্তার হয়। এনিয়ে গত ১৭ থেকে ২০ জুন পর্যন্ত মাত্র ৪ দিনে বিজিবি ও পুলিশের ৩টি অভিযানে ১ কোটি ৭৩ লক্ষ ৫১ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ সহ ২ জন গ্রেপ্তার হল।
বিজিবি জানায়, গোপন খবরের ভিত্তিতে গত শনিবার রাত পৌনে ৯টার দিকে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল মেইন আন্তর্জাতিক সীমান্তে পিলার ১৮৫/১ হতে প্রায় ৮০০ গজ বাংলাদেশের ভেতরে শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের উপর (ঢাকা-মেট্রো-ট-১৫-৫১৯৮) একটি ট্রাকে তল্লাশী চালায়। এ সময় ১০ টন পাথরের মধ্যে বিশেষ কায়দায় লুকানো ৩২০ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ সহ মাহফুজুর রহমানকে আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯বিজিবি) অধিনায়ক লে.কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন,বিজিবি চোরচালান দমনে কাজ করে যাচ্ছে। গত শনিবার এক কোটি আট হাজার টাকা মূল্যের তিনশত কুড়ি পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। এর আগের দিন শুক্রবারও পঁচিশ লক্ষ একানব্বই হাজার টাকা মূল্যের দুইশত সাত পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ জব্দ কওে কাস্টমসে জমা করা হয়েছে। অপরদিকে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার বলেন,গত ১৭ জুন শিবগঞ্জ থানায় ভারতীয় যন্ত্রাংশ সহ সোনামসজিদ বন্দর এলাকার একজনকে আটকের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে ৫ জনের নামে মামলা হয়েছে।