মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী,পরে যাবেন চীন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৬-২১ ১৬:৪৩:২১
image

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে রোববার দুপুরে তিনি কুয়ালালামপুরের পথে রওনা হন।
দুপুর আড়াইটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সংসদের চিফ হুইপ, মন্ত্রিসভার সদস্য এবং দলের জ্যেষ্ঠ নেতারা।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সফরসঙ্গী প্রতিনিধি দলে রয়েছেন কয়েকজন মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তারা।
মালয়েশিয়া সফর শেষ করে প্রধানমন্ত্রী সরাসরি চীন সফরে যাবেন। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে অনুষ্ঠিতব্য এ সফরকে দুই দেশের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সব কর্মসূচি শেষ করে আগামী শুক্রবার রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।
এর আগে সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, চীন সফরের সময় বাংলাদেশ ও চীনের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সমঝোতা ও চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, দুই দেশের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক, দুটি আনুষ্ঠানিক চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রোটোকলসহ মোট ১৫ থেকে ১৭টি দলিল স্বাক্ষর হতে পারে। আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বহুল আলোচিত তিস্তা প্রকল্পও স্থান পাবে।
পররাষ্ট্র সচিব আরও জানান, মালয়েশিয়া ও চীন সফরে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল তুলনামূলকভাবে সীমিত রাখা হয়েছে। পুরো সফরসঙ্গী দলে সদস্য সংখ্যা ২৭ থেকে ২৮ জনের মধ্যে রয়েছে।

তারেক রহমান, মালয়েশিয়া সফর, চীন সফর।