আজ বিশ্ব বাবা দিবস: নিঃস্বার্থ ভালোবাসার মানুষটিকে স্মরণের দিন

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৬-০৬-২১ ১০:৫৬:৩২
image

আজ বিশ্ব বাবা দিবস। প্রতি বছরের জুন মাসের তৃতীয় রোববার বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিনটি পালন করা হয়। সন্তানের জীবনে সাহস, নিরাপত্তা, দায়িত্ববোধ ও অনুপ্রেরণার প্রতীক বাবাদের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশের বিশেষ উপলক্ষ এটি।
যদিও বাবা শব্দটি মাত্র দুটি অক্ষরের, এর গভীরতা অসীম। পরিবারের অবলম্বন হিসেবে একজন বাবা শুধু উপার্জনের দায়িত্বই পালন করেন না; তিনি সন্তানের প্রথম পথপ্রদর্শক, প্রথম অনুপ্রেরণা এবং জীবনের কঠিন সময়ে সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয়।
বাবা দিবসের যাত্রা শুরু হয়েছিল যুক্তরাষ্ট্রে। এ দিবসকে সামাজিক ও আন্তর্জাতিক স্বীকৃতির পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সনোরা স্মার্ট ডড। শৈশবে মাকে হারানোর পর তিনি দেখেছেন, কীভাবে তাঁর বাবা একাই সাত সন্তানের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে তাদের বড় করে তুলেছেন। বাবার সেই ত্যাগ, সংগ্রাম ও ভালোবাসা তাঁকে গভীরভাবে নাড়া দেয়।
১৯০৯ সালে ওয়াশিংটনের একটি গির্জায় মা দিবস পালনের বিষয়টি জানতে পেরে ডড প্রশ্ন তোলেন—মায়েদের জন্য বিশেষ দিন থাকলে বাবাদের জন্য কেন থাকবে না? এরপর তিনি বাবা দিবস চালুর দাবিতে উদ্যোগী হন।
তাঁর এক বছরের প্রচেষ্টার ফল হিসেবে ১৯১০ সালের ১৯ জুন প্রথমবারের মতো বাবা দিবস উদযাপিত হয়। পরবর্তীতে এটি বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয়তা লাভ করে এবং একটি আন্তর্জাতিক দিবসে পরিণত হয়।
বর্তমানে বাবা দিবস ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা যায় ব্যাপক সাড়া। অনেকেই বাবাকে নিয়ে স্মৃতিচারণ করেন, প্রকাশ করেন কৃতজ্ঞতা ও ভালোবাসা। কেউ তুলে ধরেন বাবার সংগ্রামের গল্প, কেউ বা স্মরণ করেন জীবনের প্রতিটি সাফল্যের পেছনে থাকা সেই নীরব মানুষটিকে।
পরিবারের সুখ-স্বাচ্ছন্দ্যের জন্য একজন বাবা প্রায়ই নিজের ইচ্ছা, স্বপ্ন ও আরাম বিসর্জন দেন। সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে তিনি নীরবে দায়িত্ব পালন করে যান। তাই বাবা দিবস শুধু একটি আনুষ্ঠানিক দিন নয়; এটি জীবনের প্রতিটি মুহূর্তে পাশে থাকা একজন মানুষের প্রতি সম্মান জানানোর উপলক্ষ।
আজকের দিনে পৃথিবীর সব বাবার প্রতি রইল গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা।

বিশ্ব বাবা দিবস, বাবার ত্যাগ, পারিবারিক বন্ধন।