চলমান বিশ্বকাপে দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে মরক্কো। ইসমাইল সাইবারির ক্ষিপ্র গোলে স্কটল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়ে শেষ ৩২ দলের পর্বে ওঠার পথে বড় পদক্ষেপ নিয়েছে আফ্রিকার প্রতিনিধিরা।
শুক্রবার জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ‘সি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে খেলা শুরুর মাত্র ৭১ সেকেন্ডের মাথায় জালের দেখা পান সাইবারি। এবারের বিশ্বকাপে এটিই এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত গোল। সেই একমাত্র গোলেই জয় নিশ্চিত করে মরক্কো।
প্রথম ম্যাচে ব্রাজিলের সঙ্গে ১-১ সমতায় শেষ হওয়া লড়াইয়েও গোল করেছিলেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। ফলে টানা দুই ম্যাচে দলের হয়ে গোল করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তিনি। স্পেনে জন্ম নেওয়া ও বেলজিয়ামে বেড়ে ওঠা সাইবারি বর্তমানে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজরে রয়েছেন। ডাচ চ্যাম্পিয়ন পিএসভি আইন্দহোভেন ছেড়ে জার্মান পরাশক্তি বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার সম্ভাবনাও জোরালো হয়েছে।
৬৪ হাজারের বেশি দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। তবে প্রথম মিনিটেই গোল হজমের ধাক্কা আর সামলাতে পারেনি স্কটল্যান্ড। ব্রাহিম দিয়াজের নিখুঁত পাস থেকে সুযোগ কাজে লাগিয়ে স্কটিশ গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে পরাস্ত করেন সাইবারি।
এরপরও আক্রমণের ধার বজায় রাখে মরক্কো। সুযোগের পর সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি তারা। ৩৬তম মিনিটে বিলাল এল খান্নুস সহজ সুযোগ নষ্ট করেন। প্রথমার্ধে স্কটল্যান্ডের আক্রমণভাগ ছিল অনেকটাই নিষ্প্রভ। অধিনায়ক অ্যান্ডি রবার্টসনের একটি ক্রস ছাড়া উল্লেখযোগ্য কোনো সুযোগ সৃষ্টি করতে পারেনি ইউরোপের দলটি।
বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল মরক্কোর হাতেই। দ্বিতীয়ার্ধের শুরুতে সাইবারির আরেকটি শট ডিফেন্ডারের গায়ে লেগে ক্রসবারে আঘাত করে ফিরে আসে। কিছুক্ষণ পর এল খান্নুসের হেড দুর্দান্ত দক্ষতায় প্রতিহত করেন অ্যাঙ্গাস গান, যা স্কটল্যান্ডকে আরও বড় ব্যবধানের হার থেকে রক্ষা করে।
অন্যদিকে পুরো ম্যাচে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনোকে খুব বেশি পরীক্ষার মুখে ফেলতে পারেনি স্কটিশ ফরোয়ার্ডরা। ম্যাচের ৬৪তম মিনিটে রায়ান ক্রিস্টি একটি সম্ভাবনাময় সুযোগ পেলেও লক্ষ্যভ্রষ্ট হন।
ব্রাজিলের বিপক্ষে ড্রয়ের পর এই জয়ে দুই ম্যাচে চার পয়েন্ট সংগ্রহ করেছে মরক্কো। ফলে নকআউট পর্বের দরজা তাদের জন্য অনেকটাই খুলে গেছে। কাতার বিশ্বকাপে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়া দলটি এবারও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছে।
অন্যদিকে প্রথম ম্যাচে হাইতিকে হারিয়ে আশা জাগানো স্কটল্যান্ড এখন চাপে পড়ে গেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ব্রাজিল। সেই ম্যাচে ইতিবাচক ফল না পেলে বিশ্বকাপ স্বপ্ন থমকে যেতে পারে স্কটিশদের।
কী-শব্দ: মরক্কো, সাইবারি, বিশ্বকাপ