কুনহার জোড়া আঘাতে ছন্দে ফিরল ব্রাজিল,বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হাইতির

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০৬-২০ ০৯:০৮:২৬
image

বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে শক্তিমত্তার পরিচয় দিয়েছে ব্রাজিল। ম্যাথেউস কুনহার দুর্দান্ত নৈপুণ্যে হাইতিকে ৩-০ গোলে পরাজিত করে টুর্নামেন্টে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য বিস্তার করে ব্রাজিল। আক্রমণের ধারাবাহিকতায় প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের ভাগ্য প্রায় নির্ধারণ করে ফেলে লাতিন আমেরিকার দলটি।
২৩তম মিনিটে ম্যাচের জট খোলেন ম্যাথেউস কুনহা। মাঝমাঠ থেকে শুরু হওয়া আক্রমণে ভিনিসিয়ুস জুনিয়রের শট প্রতিহত করলেও ফিরতি বলে কুনহার স্পর্শে বল জালে জড়িয়ে যায়। এই গোলেই এগিয়ে যায় ব্রাজিল।
এর কিছুক্ষণ পর আবারও আলো ছড়ান কুনহা। ভিনিসিয়ুসের নিখুঁত পাস থেকে রক্ষণভাগ ভেঙে শক্তিশালী শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। দুই গোলের ব্যবধানে এগিয়ে যাওয়ার পরও আক্রমণের ধার কমায়নি ব্রাজিল।
বিরতির ঠিক আগে লুকাস পাকেতার বাড়ানো বল ধরে গোলরক্ষককে পরাস্ত করে ব্যবধান ৩-০ করেন ভিনিসিয়ুস জুনিয়র। ফলে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই জয়ের ভিত গড়ে ফেলে সেলেসাওরা।
দ্বিতীয়ার্ধে হাইতি ব্যবধান কমানোর চেষ্টা করলেও ব্রাজিলের রক্ষণ ও গোলরক্ষক অ্যালিসন বেকারের দৃঢ়তায় সফল হতে পারেনি। কর্নার থেকে পাওয়া এক সুবর্ণ সুযোগে রিকার্দো আদের হেড দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন অ্যালিসন।
ম্যাচের শেষভাগে তরুণ ফরোয়ার্ড এন্দ্রিককে মাঠে নামালে দর্শকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা যায়। যদিও তার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। বদলি খেলোয়াড়দের কয়েকটি প্রচেষ্টাও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
এই জয়ে দুই ম্যাচ শেষে গ্রুপ ‘সি’-তে গোল ব্যবধানে শীর্ষে উঠে এসেছে ব্রাজিল। আগামী ২৪ জুন মিয়ামিতে গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে তারা। অন্যদিকে টানা দ্বিতীয় পরাজয়ে বিশ্বকাপের নকআউট স্বপ্ন শেষ হয়ে গেছে হাইতির। ১৯৭৪ সালের পর বিশ্বকাপে ফেরা ক্যারিবীয় দেশটি মরক্কোর বিপক্ষে শেষ ম্যাচ খেলেই এবারের আসর শেষ করবে।
মরক্কোর বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর সমালোচনার মুখে থাকা ব্রাজিল এই জয়ের মাধ্যমে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। একই সঙ্গে টানা সাত ম্যাচ পর কোনো গোল না খাওয়ার কৃতিত্বও অর্জন করেছে তারা, যা কোচ কার্লো আনচেলত্তির দলের জন্য বাড়তি স্বস্তির কারণ হয়ে উঠেছে।

কী-ওয়ার্ডস:ব্রাজিল,ম্যাথেউস কুনহা,হাইতি,বিশ্বকাপ,ভিনিসিয়ুস জুনিয়র