ভোলাহাটে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১,আহত ১১,২টি বাড়িতে অগ্নিসংযোগ,আটক ১

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৬-১৯ ২৩:১৭:৪৮
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের মুশরীভূজা বটতলা গ্রামে পূর্ব শত্রুতার জেরে বিবাদমান দু’পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের ধারাল অস্ত্রের আঘাতে আসাদুল হক(৫০) নামে  এক ব্যাক্তি নিহত হয়েছেন। তিনি ওই  গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত: ১১ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ দিকে পুলিশ এ ঘটনায় একজনকে জিজ্ঞাসবাদের জন্য আটক করেছে।
স্থানীয়,ফায়ার সার্ভিস, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার(১৯ জুন) সকাল ৯টার দিকে   ইলিয়াসের বাড়ির নিকট  ধানের জমিতে  তাঁর লোকজন কাজ করার সময় ঘটনার সূত্রপাত ঘটে। এ সময় প্রতিবেশী  আসাদুল ও  ইলিয়াস পক্ষ  দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় নিহত পক্ষের অন্তত: ২টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ সময় এক/দেড় হাজার গ্রামবাসি সংঘর্ষে  জড়িয়ে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছুলেও বিকালে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ভোলাহাট ফায়ার সার্ভিস ষ্টেশনের সাব অফিসার কৃষ্ণ প্রসাদ বলেন, সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছুলেও  পরিস্থিতি এত খারাপ ছিল যে ফায়ার সার্ভিস নিরাপত্তার অভাবে দুপুর আড়াইটার দিকে ফিরে আসে।
ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা.ফরহাদ ওয়াজেদ বলেন, দুপুর প্রায় ১২টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত হতাহতরা হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। নিহত আসাদুলকে দুপুর ১টার দিকে রাজশাহী রেফার্ড করা হলেও বিকাল সাড়ে ৩টার দিকে তিনি পথেই মারা যান।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারেক বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। থমথমে এলাকায় পুলিশ রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ। ওসি আরও বলেন, একটি সড়ক দূর্ঘটনা নিয়ে দুপক্ষের পূর্ব শত্রুতা  ও মামলা ছিল। এনিয়ে গত বৃহস্পতিবার(১৮জুন) ঢাকায় দুপক্ষের মারামারি ও আহত এবং ভোলাহাটে শোডাউন দেয়ার ঘটনার পর শুক্রবার সকালে দুপক্ষ সংঘর্ষে জড়ায়।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।