বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)'র সভাপতি এম এ আলীম সরকার এক বিবৃতিতে উত্তরবঙ্গের মঙ্গাকবলিত এলাকা এবং সিলেটের হাওরাঞ্চলের সাম্প্রতিক বন্যাকবলিত কৃষকদের জন্য জরুরি ভিত্তিতে বিশেষ আর্থিক ও কৃষি সহায়তা বরাদ্দের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হলো কৃষক সমাজ। কিন্তু উত্তরবঙ্গের মঙ্গাপ্রবণ এলাকায় দীর্ঘদিন ধরে দারিদ্র্য, কর্মসংস্থানের সংকট ও কৃষি উৎপাদনের অনিশ্চয়তা কৃষকদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। অন্যদিকে, সিলেটের হাওরাঞ্চলে সাম্প্রতিক ঘনঘন বন্যার কারণে মৌসুমী ফসল, গবাদিপশু, মৎস্যসম্পদ এবং কৃষি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে হাজার হাজার কৃষক ও কৃষিশ্রমিক চরম অর্থনৈতিক সংকটে পড়েছেন।
এম এ আলীম সরকার আরও বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে সরকারকে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করতে হবে। কৃষকদের বিনামূল্যে বা স্বল্পমূল্যে বীজ, সার, কৃষি উপকরণ, সেচ সুবিধা এবং সহজ শর্তে কৃষিঋণ প্রদান করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য নগদ সহায়তা, খাদ্য সহায়তা এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি ক্ষয়ক্ষতির সঠিক তালিকা প্রণয়ন করে দ্রুততম সময়ের মধ্যে সহায়তা কার্যক্রম বাস্তবায়নের আহ্বান জানান।
বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনরুদ্ধারে অবিলম্বে বিশেষ বরাদ্দ ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা সময়ের দাবি।