রাজবাড়ী সদর উপজেলার ২ নং দাদশী ইউনিয়নে একটি সড়ক নির্মাণকাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে এক সংবাদকর্মীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার শেখের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, দাদশী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কামালপুর গ্রামের স্কুল মাঠ ঈদগাহ থেকে জব্বারের বাড়ি পর্যন্ত ব্রিক ফ্ল্যাট সলিং সড়ক নির্মাণকাজে অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ করেন এলাকাবাসীর একাধিক ব্যক্তি। এ বিষয়ে ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জব্বারের একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম প্রচারিত হলে ক্ষুব্ধ হন ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ।
অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার (১৮ জুন) সকাল প্রায় ১১টায় পেশাগত দায়িত্ব পালন শেষে রাজবাড়ী জেলা পরিষদ কার্যালয়ের গাড়ি পার্কিং এলাকায় অবস্থান করছিলেন সংবাদকর্মী বাবলু শেখ। এ সময় কয়েকটি মোটরসাইকেলযোগে সেখানে উপস্থিত হন দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার শেখ ও তার সহযোগীরা।
প্রত্যক্ষদর্শীদের দাবি, সংবাদকর্মীকে দেখেই চেয়ারম্যান উত্তেজিত হয়ে ওঠেন এবং বিভিন্ন ধরনের আপত্তিকর মন্তব্য করেন। একপর্যায়ে তিনি সংবাদ প্রকাশের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সংবাদকর্মীর পেশাগত কার্যক্রমে বাধা ও ভবিষ্যতে পরিণতি ভোগ করার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার জেলা প্রতিনিধি ডি.এম. ফাইমুর রহমান এবং দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি মোর্শেদ আলম মালেক। তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে চেয়ারম্যান দেলোয়ার শেখ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন বলে জানা যায়।
ঘটনার পর উপস্থিত সাংবাদিকরা বিষয়টি রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপমা রায়কে মুঠোফোনে অবহিত করেন।
এ ঘটনায় রাজবাড়ীতে কর্মরত প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। জেলার সাংবাদিক নেতারা সংবাদকর্মীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ঘটনার নিরপেক্ষ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সাংবাদিক মহল মনে করে, গণমাধ্যমের স্বাধীনতা ও সত্য তথ্য প্রকাশের পরিবেশ বজায় রাখতে এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি।