১০ হাজার টাকায় সীমান্ত পাড়ির চেষ্টা,বিজিবির হাতে আটক তিনজন

  • জাহাঙ্গীর আলম
  • ২০২৬-০৬-১৮ ১৯:৩৬:৪৬
image

 প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক বাংলাদেশি নাগরিক এবং মানবপাচারে সহযোগিতার অভিযোগে আরও দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৬টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৯৯৪/৪-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবপুর উপজেলার মোহনপুর এলাকা থেকে তাদের আটক করে।
আটকরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ গ্রামের উজ্জ্বল চন্দ্র দেব (৩৫), হবিগঞ্জের মাধবপুর উপজেলার ফতেহপুর গ্রামের মোশারফ হোসেন (২৮) এবং মোহনপুর গ্রামের রাহুল (২২)।
বিজিবি সূত্র জানায়, উজ্জ্বল চন্দ্র দেব অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় মানবপাচারে সহযোগিতার অভিযোগে মোশারফ হোসেন ও রাহুলকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জ্বল চন্দ্র দেব জানান, ভারতের আগরতলায় বসবাসরত তার অসুস্থ বোনকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে তিনি ১০ হাজার টাকার বিনিময়ে মোশারফ ও রাহুলের সহায়তা নেন। তাদের সহযোগিতায় সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় বিজিবির টহল দলের হাতে ধরা পড়েন।
আটকদের কাছ থেকে বাংলাদেশি ৫০০ টাকা, ভারতীয় ৩০০ রুপি এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বিজিবি আরও জানায়, আটক তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাধবপুর থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে তাদের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।