জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন ও সংগীতকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে “গানে গানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম” শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে ইয়েল সোসাইটি (Iyel Society)-এর ইয়েল পাঠচক্র।
গতকাল রাতে ঢাকার শাহবাগস্থ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষক, গবেষক, সাহিত্যপ্রেমী, সংস্কৃতিকর্মী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নজরুল গবেষক ও নজরুলসংগীত শিল্পী ড. শম্পা দাশ। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, মানবতাবাদী চেতনা এবং সাম্যবাদী দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, নজরুলের সৃষ্টিকর্ম আজও মানবমুক্তি, সাম্য ও অসাম্প্রদায়িকতার চেতনায় মানুষকে অনুপ্রাণিত করে।
প্রধান অতিথির বক্তব্যে কসমিক ওয়ার্ল্ড লিমিটেডের চেয়ারম্যান তালেবে হক লায়ন ড. হারুন উর রশিদ বলেন, নতুন প্রজন্মের কাছে নজরুলের চিন্তা ও দর্শন পৌঁছে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আনিসুজ্জামান। এছাড়া আলোচনায় অংশ নেন নজরুল গবেষক ও ইয়েল সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. প্রফেসর সহিদ মনজু, ইয়েল সোসাইটির উপদেষ্টা আতাউল্লাহ খান আতা, ইয়োলো সোসাইটি'র যুগ্ন- মহাসচিব কবি জিন্নাত আরা ইফা প্রমুখ।
ইয়েল সোসাইটির প্রেসিডেন্ট ড. জহির বিশ্বাস গুরুজী'র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের মহাসচিব ইসমাইল হোসেন ইসমী। অনুষ্ঠানে সাবেক পরিচালক, বাংলাদেশ ব্যাংকের হাসিনা মমতাজসহ সাংস্কৃতিক ও সাহিত্য অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা পর্বের পাশাপাশি জাতীয় কবির জনপ্রিয় গান পরিবেশন করা হয়। সংগীত পরিবেশনার মাধ্যমে নজরুলের দেশপ্রেম, প্রেম, সাম্য ও মানবতার চেতনা নতুনভাবে উপস্থিত দর্শক-শ্রোতাদের সামনে তুলে ধরা হয়।
বক্তারা বলেন, নজরুলচর্চা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জাতীয় কবির সাহিত্য, সংগীত ও জীবনদর্শন সম্পর্কে সম্যক ধারণা লাভের সুযোগ পান।