চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে পাচারকালে ভারত থেকে চোরাইপথে আনা ৪৮ লক্ষ টাকার যন্ত্রাংশ সহ গ্রেপ্তার ১

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৬-১৭ ২১:৩৯:১৬
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিস কার্যালয় এবং সোনামসজিদ স্থলবন্দর এলাকায় অবস্থিত বিভিন্ন গোডাউনে অভিযান চালিয়ে  ভারত থেকে চোরাইপথে আনা প্রায় ৪৭ লক্ষ ৫২ হাজার ৫০০ টাকা মূল্যের  ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করেছে পুলিশ। অভিযানকালে ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে শিবগঞ্জের শিয়ালমারা গ্রামের বাসিন্দা সোহেল রানা(৩০) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত মঙ্গলবার (১৬জুন)  রাত ৮টার দিকে কুরিয়ারে চোরাইপথে ভারত থেকে আনা বিপুল পরিমান ট্রাকের যন্ত্রাংশ পাচার করা  হচ্ছে এমন তথ্য জানার উর্ধতণ পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে  কুরিয়ার অফিসে অভিযান শুরু করা হয়। সেখানে কিছু যন্ত্রাংশ জব্দের পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শিবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর এলাকায় অবস্থিত বিভিন্ন গোডাউনে রাতভর অভিযান চালানো হয়। পরে বুধবার(১৭ জুন) সন্ধ্যায় বিপুল সংখ্যক মালামালের জব্দ তালিকা প্রণয়ণ সম্পন্ন করে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, বুধবার এ ঘটনায় শিবগঞ্জ থানায় ৫ জনকে এজাহারনামীয়  এবং ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামী করে  বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামীকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মামলার তদন্ত শুরু হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ।